রুখে দাঁড়াও জঙ্গিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী গতকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
দেশব্যাপী গতকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

রাস্তায় হাজারো শিক্ষক-শিক্ষার্থী। আছেন কর্মকর্তা-কর্মচারীরাও। সবার দাবি একটাই—জঙ্গিবাদ রুখে দাঁড়াও। সন্ত্রাস নয়, শান্তি চাই। এমন এক ঐক্যবদ্ধ আওয়াজ উঠল গতকাল সোমবার দেশব্যাপী অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন থেকে। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, তাঁরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, কোনো সন্ত্রাস-জঙ্গিবাদ দেখতে চান না।
গুলশানে হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার এক মাস উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার জন্য এই কর্মসূচি ডাকা হলেও প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে একই দাবিতে মানববন্ধন করে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে, বিভিন্ন সড়কে কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় এই কর্মসূচি পালিত হয়।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের মধ্যে এবং কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের মধ্যে নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী ছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করে সরকার। তারই ধারাবাহিকতায় গতকাল জঙ্গিবাদ-বিরোধী এই মানববন্ধনের কর্মসূচি আহ্বান করা হয়।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’ শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে স্কুলভিত্তিক কমিটি গঠন করে জঙ্গিবাদবিরোধী কার্যক্রম চালানো হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এখানে মানববন্ধনে অংশ নিয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদও বক্তব্য দেন।
মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বেগম বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া ইসলাম বলে, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এ ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ দেখতে চাই না। বাংলাদেশ সুন্দর ও নিরাপদ হবে। একই সঙ্গে আমাদের জীবনও নিরাপদ হবে। আমাদের এমনই প্রত্যাশা।’
ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সৌমিন রায় বলেন, দেশে যেন কোনো জঙ্গি-সন্ত্রাসী না থাকে, সেই দাবি জানাতেই মানববন্ধনে এসেছেন। ইডেন মহিলা কলেজের গণিতের সহযোগী অধ্যাপক ফেরদৌসী বেগম বলেন, ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে তাঁদের এখানে নিয়ে এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নীলক্ষেত থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে বিভিন্ন বিভাগ ও অনুষদ আলাদা ব্যানারে অংশ নেয়। বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘প্রিয় বাংলাদেশ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও’। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা দক্ষিণ কোরিয়ার ইয়ং হা গার্লস হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলও এই মানববন্ধনে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১৬ কোটি মানুষের দেশে জঙ্গিদের সংখ্যা একেবারেই নগণ্য। এদের কার্যক্রমকে প্রতিরোধ করা অসম্ভব কিছু নয়, শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান। এ সময় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নেতারা বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে সম্প্রতি স্নাতকোত্তর শেষ করা মো. সজীব মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ইসলামের কথা বলে যারা মানুষ হত্যা করছে, তারাই মূলত ইসলামের বাইরে আছে। কাউকে হত্যা করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো ধর্মই সমর্থন করে না।’
বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত মানববন্ধন করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্যোগে তাদের ক্যাম্পাসে মানববন্ধন করা হয়। রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বুয়েটের শহীদ মিনার পর্যন্ত দুই সারিতে মানববন্ধনে দাঁড়ান শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে বক্তব্য দেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার দুই পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়ান।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, ভাটারার নতুন বাজার এলাকায় এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গিবাদবিরোধী এই মানববন্ধন করে।
ঢাকার বাইরে জেলা ও উপজেলায়ও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।