রুখে দাঁড়াও মৌলবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের দ্বাদশ জাতীয় সম্মেলনের শুরুতে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা  ছবি: প্রথম আলো
বাংলাদেশ মহিলা পরিষদের দ্বাদশ জাতীয় সম্মেলনের শুরুতে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা ছবি: প্রথম আলো

দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তবে মৌলবাদীদের উত্থান নারীর অগ্রযাত্রাকে পিছু টেনে ধরছে। নারীর অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের দ্বাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ আহ্বান জানান।
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে পরিষদের ৫৭টি জেলা শাখা থেকে এক হাজার ৬০০ কাউন্সিলর, জেলা নেত্রী, কর্মী, সংগঠকসহ দুই হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনের স্লোগান: ‘জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের স্বীকৃতি চাই, অধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই’।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সমাজের রক্ষণশীল শক্তির উত্থান হচ্ছে। এই শক্তি আবার নারীকে গৃহকোণে ফিরিয়ে নিতে চাইছে। নারীকে শুধু ভোগের পণ্য হিসেবে দেখছে। তারা নিন্দনীয় ভাষায় নারীদের নিন্দা করছে। উদ্দেশ্য একটাই, তারা নারীদের পিঞ্জরে আবদ্ধ করতে চায়। তিনি বলেন, নারীর অসাধারণ অগ্রগতি হয়েছে। তার পরও সত্য হলো, সংসারে নারীর ওপর নির্যাতন বন্ধ হয়নি। অ্যাসিড-সন্ত্রাসের প্রধান শিকার নারী। পোশাকশিল্পসহ নারী শ্রমিকদের আয়ের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। নারীর গৃহকর্মের স্বীকৃতি নেই। নারীর অধিকার আদায়ে তিনি নারী ও পুরুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী গোষ্ঠীকে কোনোভাবেই, কোনো তত্ত্বের মাধ্যমেই পিছিয়ে দেওয়া যাবে না। ঘরে ঢুকিয়ে দিতে পারবে না কেউ। তিনি নির্বাচনের আগেই জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করার জন্য বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানান।
পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, হেফাজতের মতো ধর্মীয় দলের উত্থান ঘটেছে। এদের সঙ্গে নিয়েই আন্দোলনে নেমেছে বিএনপি। তিনি গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসা এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি সুনামগঞ্জের নারী কৃষক মাজেদা বেগম বলেন, ‘গানের মধ্যে আছে জাগো নারী জাগো—কিন্তু এ আবার কেমন কথা? নারী সংসারের পাহারাদার, তারা সংসারের মালিক নয়, তাই তারা তো জেগেই আছে।’ তিনি বলেন, ‘সারা দিন কাজ করি। জমিতে কতটুকু সার দিতে হবে তাও আমি ঠিক করি। তবে একমুঠো ধান বিক্রি করারও ক্ষমতা আমার নাই। জমির দলিল নাই বলে ব্যাংক থেকে ঋণ পাই না। কৃষক হিসেবে স্বীকৃতি পাই না।’
নরসিংদীর বর্গাচাষি খাদিজা বেগম বলেন, ‘সারা দিন পরিশ্রম করি। স্বামী হাট থেকে ফিরলে যদি জানতে চাই জিনিসের দর কেমন—তখন স্বামী বলে, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিস না।’ তিনি জামানত ছাড়া কৃষিঋণ, সুদমুক্ত ঋণ, সরকারি কৃষি ভাতা নারীর দোরগোড়ায় পৌঁছানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি সারা দিন সংসারের পেছনে যে শ্রম দিচ্ছেন, তারও বেতন দাবি করেন।
পোশাকশ্রমিক কন্যা কোহিনূর বেগম বলেন, কারখানার ভেতরে এবং বাইরে কোথাও নিরাপত্তা নেই। তিনি পোশাকশিল্প কারখানায় ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানান।
সংগঠনের সহসভাপতি ফওজিয়া মোসলেম, ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার আলোচনায় অংশ নেন। আজ শুক্রবার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে।