রুখে দাও নারী নির্যাতন

রুখে দাও নারী নির্যাতন-এই স্লোগান নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, পঞ্চগড়, ফরিদপুর, নীলফামারী, ঝালকাঠি ও ময়মনসিংহ-এই আট জেলায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা শাখার প্রথম আলো বন্ধুসভা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নারী নির্যাতনের যে চিত্র, তা ভয়াবহ, আতঙ্কজনক। প্রতিদিন টিভি-পত্রিকায় নারী নির্যাতনের খবর দেখা গেলেও প্রশাসনের যথাযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। অপরাধীরা অর্থ ও ক্ষমতাবলে পার পেয়ে যাচ্ছে। প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আইন ও প্রশাসন। তাই অপরাধীদের সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজকে রাখতে হবে সুষ্ঠু ভূমিকা। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জামালপুর প্রতিনিধি জানান, সকাল ১০টায় শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জামালপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাঁদের রেখে দেশের অগ্রগতি চিন্তা করা সম্ভব নয়। তাঁদের নিরাপত্তা দেওয়া সবার অন্যতম কর্তব্য। তাঁরা আমাদেরই কারও মা-বোন বা আপনজন। তাই আর কোনো মা-বোনের ওপর নির্যাতন সহ্য করা হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রথম আলোর পটুয়াখালী অফিস জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, শেরেবাংলা পার্কের পাশে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বন্ধুসভার সদস্যরা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘নারী নির্যাতন বন্ধ করতে হলে আমাদের নৈতিক চর্চা বাড়াতে হবে। নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে। এ জন্য বিজ্ঞানমনস্ক, প্রগতিনির্ভর গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।’ তিনি প্রথম আলোর এই কর্মসূচি দেশজুড়ে অব্যাহত রাখার আহ্বান জানান।
তনু হত্যাকাণ্ডের উদাহারণ দিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি নারী নির্যাতনকে উৎসাহিত করছে। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আছে। কিন্তু নারী নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় আইনের প্রয়োগ নেই। সিলেটের কলেজছাত্রী খাদিজাকে নির্যাতনকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রথম আলোর ফরিদপুর অফিস জানিয়েছে, বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ। যারা সমানাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই নারী নির্যাতন করে থাকে। সমাজে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে নারী নির্যাতনকারী মানবতাবিরোধী শক্তিকে সবার আগে প্রতিহত করতে হবে।

এ কর্মসূচিতে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সদস্য ছাড়াও উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
নীলফামারী প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ‘রুখে দাও নারী নির্যাতন’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো নীলফামারী বন্ধুসভা।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আর কোনো খাদিজাকে এমন নির্মমতার শিকার হতে দিতে চাই না। নারী নির্যাতন বন্ধে আইনের কঠোরতার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’
এ সময় খাদিজা, নিতু, রিসা, তনুসহ সাম্প্রতিককালে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে নির্যাতনকারীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পিরোজপুর প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এই মানববন্ধন থেকে সারা দেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
প্রথম আলোর ময়মনসিংহ অফিস জানিয়েছে, শহরের টাউন হল মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘রুখে দাও নারী নির্যাতন’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভা।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশজুড়ে প্রায়ই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। শুধু আইন দিয়ে নয়, পারিবারিক শিক্ষার মাধ্যমেও নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। দেশের প্রতিটি পরিবারের উচিৎ নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাহলেই আগামী দিনে দেশে নারী নির্যাতনের ঘটনা শূন্যের কোটায় নামানো সম্ভব।