রুগ্ণ শিল্পগুলো বাংলাদেশে স্থানান্তরে আহ্বান মাহথিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার শ্রমঘন রুগ্ণ শিল্পগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য সে দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ। কুয়ালালামপুরে বাংলাদেশের বাণিজ্য প্রদর্শনী ‘শোকেস বাংলাদেশ ২০১০’-এর অংশ হিসেবে গত শনিবার আয়োজিত একটি নৈশভোজে বক্তৃতার সময় তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির।পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং মালয়েশিয়া-বাংলাদেশ হাইকমিশন।বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে মাহথির মোহাম্মদ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিরাট সুযোগ রয়েছে।’ আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহথির মোহাম্মদ বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাস্তববাদী উন্নয়ন কৌশল প্রয়োজন।’বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এবং দুই দেশের ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।