রুট পারমিট ও ভাড়া নির্ধারণে কমিটি করেছে বিআরটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ভেতরে চলাচলকারী ‘ঢাকা চাকা’ নামের বিশেষ বাস সেবার রুট পারমিট ও ভাড়া নির্ধারণে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একটি কমিটি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে এক সমন্বয় সভায় বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয়ভূষণ পাল এ কথা জানান।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় নিয়মিত যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনগণের চলাচলের সুবিধার্থে এবং গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করার কারণ দেখিয়ে ১০ আগস্ট বিশেষ বাস সেবা চালু করা হয়।
দুটি রুটে চলছে ‘ঢাকা চাকা’ নামের এই বাস সেবা। একটি রুটের বাস ছাড়ে তেজগাঁও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে। পুলিশ প্লাজা, গুলশান-১ ও রূপায়ণ টাওয়ার হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বর পর্যন্ত যায়। আরেক রুটের বাস ছাড়ে কাকলী মোড় থেকে। বনানী বাজার, গুলশান-২ নম্বর হয়ে যাচ্ছে নতুন বাজার। তবে এই বাসের বিআরটিএর রুট পারমিট নেই। গতকালের সমন্বয় সভায় ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা চাকার বাস সেবার রুট পারমিট ইস্যু করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রথম দফায় ৩৫ আসনবিশিষ্ট শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস নিয়ে চালু হয়েছে ‘ঢাকা চাকা’ নামের এই বাস সেবা।
বিআরটিএর পরিচালক বিজয়ভূষণ পাল বলেন, এটি বিশেষ বাস সার্ভিস। তাই বিআরটিএর চেয়ারম্যান একটি সাব-কমিটি করে দিয়েছেন। এ কমিটি বাসের মূল্য, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ আনুষঙ্গিক অন্য বিষয় বিবেচনা করে রুট পারমিট এবং ভাড়া নির্ধারণ করতে সুপারিশ করবে।
শীতাতপনিয়ন্ত্রিত বাসের ভাড়া বিআরটিএ নির্ধারণ করে কি না মেয়র আনিসুল হকের এমন প্রশ্নের জবাবে বিজয়ভূষণ বলেন, বিশেষ বাস সেবা কমিটি করা হয়েছে। সব বিষয় বিবেচনা করেই কমিটি সুপারিশ করবে।