আগারগাঁও মোড়ে চলছিল পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু এ অভিযানে যানবাহনের রুট পারমিট, চালকের লাইসেন্স পরীক্ষা করছিলেন যুগ্ম কমিশনার মুসলেহউদ্দিন আহমেদসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অভিযান শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ১০টি লেগুনার কাগজপত্র পরীক্ষা করেন তাঁরা।
এর মধ্যে সাতটি লেগুনার ছিল না কোনো রুট পারমিট। চালকের কাছেও পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। এসব লেগুনা বেশির ভাগ মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বাড্ডা রুটে চলাচল করে।
আটক করা প্রতিটি লেগুনার কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা ও ডাম্পিং স্টেশনে পাঠাতে রেকারিং চার্জ ২ হাজার ৮০০ টাকা আদায় করা হয়।
রুট পারমিট ছাড়া লেগুনা চালানোর কারণ জানতে চাইলে রাসেল বিশ্বাস নামের এক চালক প্রথম আলোকে বলেন, ‘মালিকে কইসে, তাই চালাই। হুনসি, পারমিটির লইগ্যা আবেদন করছেন।’
সরেজমিন দেখা গেছে, একেকটি লেগুনার যাত্রী ধারণক্ষমতা ১২ জন। কিন্তু দাঁড়িয়ে থাকেন আরও তিন-চারজন যাত্রী। সামনে চালকের পাশে বসানো হয় আরও দুজনকে। সব মিলিয়ে ১৮ জন যাত্রী এবং একজন চালক ও তাঁর সহযোগী নিয়ে রাজধানীর ব্যস্ততম সড়কে চলছে প্রতিটি লেগুনা। যাত্রীপ্রতি ২০ টাকা করে ভাড়া নেওয়া হয়। যাত্রী ওঠানো-নামানোর কোনো নির্দিষ্ট স্থান নেই। কখনো যাত্রী নেমে গেলে চালকের সহকারী হাতের ইশারায় যাত্রী তোলেন। আবার যাত্রীর ইশারায় লেগুনা থামান চালক।
গতকালের এই আকস্মিক অভিযানে ভোগান্তিতে পড়েন লেগুনার যাত্রীরা। ক্ষোভ প্রকাশ করে তানজিমুল হক নামের এক শিক্ষার্থী বলেন, হঠাৎ করে অভিযান চালিয়ে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়া হলো। বাকি পথ যেতে দুর্ভোগ পোহাতে হবে। অথচ দুয়েক দিনের মধ্যে এসব চালকই আবার লেগুনা নিয়ে পথে নামবে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর-বাড্ডা রুটে শতাধিক লেগুনা চলাচল করে। এসব লেগুনার বেশির ভাগের রুট পারমিট নেই এবং চালকেরা অল্পবয়স্ক, তাদের ড্রাইভিং লাইসেন্সও নেই।
পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মুসলেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যানবাহনের রুট পারমিটসহ অবৈধ চলাচলের বিরুদ্ধে অভিযান সব সময়ই চলে। তবে অবৈধভাবে যানবাহন চলাচলের জন্য রমজান মাসে রাজপথে যানজট দেখা দেয়। এ জন্য জুন মাসের প্রথম থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত শুধু মোটরসাইকেলের বিরুদ্ধে রাজধানীতে ৪০ হাজার মামলা হয়েছে। একই সময় উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ১০ হাজার মামলা হয়েছে।