রুট পারমিট পাচ্ছে ঢাকা চাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে বাসে ওঠার জন্য যাত্রীদের দীর্ঘ লাইন। ছবিটি গতকাল সকালে গুলশান ১ নম্বর মোড় থেকে তোলা l প্রথম আলো
গুলশানে বাসে ওঠার জন্য যাত্রীদের দীর্ঘ লাইন। ছবিটি গতকাল সকালে গুলশান ১ নম্বর মোড় থেকে তোলা l প্রথম আলো

চালু হওয়ার তিন মাস পর গুলশানের বিশেষ বাসসেবা রুট পারমিট পেতে যাচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদেরও অসন্তোষ রয়েছে ‘ঢাকা চাকা’ নামের এই বাসসেবায়। তবে বাসের সংখ্যা বাড়ায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।
ঢাকা মহানগরের ভেতরে চলাচলকারী বাসের রুট পারমিট দিয়ে থাকে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি)। এ বিষয়ে কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, “গত সপ্তাহে আরটিসির সভায় ‘ঢাকা চাকা’র রুট পারমিট দেওয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সংশ্লিষ্টদের কাগজপত্র বুঝিয়ে দেবে।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পরে কাকলি, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় নিয়মিত যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনগণের চলাচলের সুবিধার্থে এবং গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করার কারণ দেখিয়ে গত ১০ আগস্ট বিশেষ এই বিশেষ বাসসেবা চালু করা হয়। মোটরগাড়ি সংযোজন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে বাসগুলো পরিচালনা করা হচ্ছে।
প্রথম দফায় ৩৫ আসনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস নিয়ে দুটি রুটে ‘ঢাকা চাকা’ চালু হয়। বর্তমানে দুটি রুটে ৩০টি বাস চলছে বলে নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে জানানো হয়।
গত ২৪ আগস্ট নগরীতে সেবাদানকারী ২৬টি সংস্থার প্রতিনিধিদের আন্তবিভাগীয় সমন্বয় সভা হয়। তাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ‘ঢাকা চাকা’ বাসের রুট পারমিটের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। সভায় উপস্থিত বিআরটিএর প্রতিনিধি জানান, গুলশানের ভেতরে চলাচলকারী বিশেষ বাসসেবার রুট পারমিট ও ভাড়া নির্ধারণে বিআরটিএ একটি কমিটি করেছে। কমিটি বাসের মূল্য, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনা করে রুট পারমিট এবং ভাড়া নির্ধারণ করতে সুপারিশ করবে।
এ বিষয়ে বাসগুলো পরিচালনা প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। মাতলুব আহমাদ দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
বাসসেবা চালুর পর থেকেই এ পথের নিয়মিত যাত্রীরা বাসের ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। বাসগুলোতে মূলত চাকরিজীবী ও শিক্ষার্থীরা যাতায়াত করেন। তাঁদের অভিযোগ, আগে এ পথে চলা বাসগুলোয় যে দূরত্বের ভাড়া নেওয়া হতো ৫ টাকা, নতুন বাসে তা নেওয়া হচ্ছে ১৫ টাকা করে।
অনুমোদিত রিকশা এখন ১ হাজার
এদিকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চলাচলকারী অনুমোদিত রিকশার সংখ্যা এক হাজারে উন্নীত করা হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমেছে। যাত্রীদের অভিযোগ, এসব রিকশা মানে না ভাড়ার তালিকা।
আগে এসব রিকশাই চলত, এখন বিশেষ রঙের এক হাজার রিকশা ছাড়া অন্য রিকশার প্রবেশ নিষেধ। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মাসে সাধারণ রিকশা বন্ধের পরে মাত্র ৫০০ রিকশা ছিল, যা চাহিদার তুলনায় কম। গত কয়েক দিনে রিকশার সংখ্যা বাড়ানোয় দুর্ভোগ কিছুটা কমেছে। তবে চালকেরা ভাড়ার তালিকা মানছেন না।
হলি আর্টিজানে হামলার পরে নিরাপত্তা জোরদার করতে বিশেষ রঙের (কালো ও হলুদ) রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে গত ১০ আগস্ট ৫০০টি রিকশা চালু করা হয়।
গতকাল রোববার দেখা যায়, এলাকাগুলোতে অনুমোদনহীন কোনো রিকশা চলছে না। অনুমোদিত রিকশার সংখ্যা বাড়ানো হলেও তা যাত্রীর তুলনায় কম। যাত্রীদের দীর্ঘক্ষণ রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে রিকশা না পেয়ে বাধ্য হয়ে গন্তব্যের দিকে হাঁটা দিচ্ছেন।
একটি রিকশা এলে একাধিক যাত্রী চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। রিকশা না পাওয়ায় নারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশি। বনানী সেতুর সামনে দাঁড়িয়ে ছিলেন সুলতানা আবিদা। তিনি বলেন, রিকশা কম থাকায় এসব বিশেষ রিকশার চালকেরা ভাড়া বেশি চান। অন্য রিকশা যেতে দিচ্ছে না, তাই বেশি ভাড়া দেওয়া ছাড়া উপায় নেই।
প্রতিটি অনুমোদিত রিকশায় বিভিন্ন গন্তব্যের ভাড়া নির্ধারণ করে তালিকা লাগিয়ে দেওয়া হয়েছে। রিকশার পেছনে সাঁটানো ভাড়ার তালিকা যাত্রীরা দেখছেন না। সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ১৫ টাকা। গুলশান-২ গোলচত্বর থেকে বনানী চেয়ারম্যানবাড়ির ভাড়া ৩০ টাকা। তবে রিকশার চালকেরা এ দূরত্বে ৪০ টাকার কমে ভাড়া নিচ্ছেন না।
এই অনুমোদিত রিকশাগুলোর মালিক আগের গ্যারেজ মালিকেরাই। সোসাইটিগুলো শুধু এগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে আছে। এ বিষয়ে গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন, অনুমোদিত রিকশার সংখ্যা বাড়িয়ে এক হাজার করার পরে রিকশার জন্য যে হাহাকার ছিল তা নেই। ৮০ শতাংশ রিকশাই নির্ধারিত ভাড়ায় চলছে। সাধারণ রিকশা বন্ধ করায় যানজট অনেকটা কমেছে। প্রয়োজনে অনুমোদিত রিকশার সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।