
কুমির, মাছ, পাখি, ফুল—সবাই এক কাতারে। একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি নেই। এদের ঘিরে মানুষের কত আগ্রহ! ধরে ধরে আবার দেখাও হচ্ছে। ওজনে কে কতটুকু। সঙ্গী-সাথিও আছে অনেক। এদের দেখে ও চেখে নিতে চাইলে যেতে হবে পুরান ঢাকার চকবাজারে।
এখানকার চক সার্কুলার রোডে রিকশার ফাঁক গলে দ্রুত চলতে হবে। এক জায়গায় বেশিক্ষণ থাকা যায় না। নিজের সরতে হবে না; ভিড়ই আপনাকে ঠেলে নিয়ে সরাবে। চকবাজারের ইফতারির খ্যাতির কথা নতুন করে কিছু না বললেও হবে। তবে এর আমেজটা শুরু হয় পবিত্র শবে বরাত থেকেই।

বাজারে ঢোকার আগেই রুটির মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে ঠেকবে। রাস্তার দুই পাশে নানান খাবারের পসরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ বাজারটিতে বিক্রেতাদের কথা বলারও ফুরসত নেই। বেশ কিছুক্ষণ এপাশ-ওপাশ ঘুরে বোম্বে কনফেকশনারিতে কথা বলার একটু সুযোগ হলো। ফুলেল নকশার রুটি বিক্রি করছেন। বিক্রয়কর্মী ইমামুল ইসলাম বলেন, এগুলোকে ‘ফেন্সি’ রুটি বলে। কেজি ২৬০ থেকে ৩৬০ টাকা।
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বাজারের সব বিক্রেতাই বেচা-বিক্রিতে খুশি। কারও মুখেই শোনা যায়নি বিক্রি খারাপ। উল্টো বললেন, দিন দিন এটা প্রসারিত হচ্ছে। কাজী ফরহাদ হোসেন জন্মের পর থেকেই এ বাজার দেখে আসছেন। নিজের দোকান হাজারীবাগে, কিন্তু শবে বরাত ও শবে কদরে তিনি এখানে এসে ‘ফেন্সি’ রুটি আর হালুয়া বিক্রি করেন। তিনি বলেন, ‘এই বাজারে লস নাই। সকালে শুরু হইছে। কাইল রাইত পর্যন্ত চলব।’ আরেক বিক্রেতা বললেন, মসজিদে সারা রাত নামাজ পড়া হবে, তাই বেচা-বিক্রিও চলবে।

ঢাউস সাইজের ‘ফেন্সি’ রুটির সাইজও কম যায় না। কুমির বা মাছের গায়ে খাঁজ কাটা নকশা। চোখ সাজানো হয়েছে মার্বেল, কাচের টুকরা বা লাল রঙের মোরব্বার টুকরা দিয়ে। ফুলেল নকশার রুটি মিষ্টি হয়। এতে চিনির সিরা ও মোরব্বা থাকে। প্রাণীর আকৃতিতে এসব থাকে না। তবে তিল থাকে সব কটিতেই। দোকানভেদে কেজিপ্রতি দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
দোকানিদের হাতপাখা চলছেই। বেশির ভাগ দোকানের রুটিই খোলা। আনন্দ, বোম্বে কনফেকশনারি ও ঢাকা বেকারি অবশ্য প্যাকেট বা বাক্সে করে বিক্রি করছে।

আজিজুল হক রুটির দরদাম করছেন। তিনি বলেন, ‘এইখানে আমার ব্যবসা আছে। খুব বেশি না কিনলেও এইবার আত্মীয়স্বজনের বাসায় দেওয়া লাগব। চকবাজারের ইফতারি আর রুটির কথা কে না জানে। সবাই খাইতে চায়।’ বাক্সভর্তি বুটের ডালের ও গাজরের হালুয়া বিক্রি হচ্ছে। এ ছাড়া মোরব্বা, ফালুদাও আছে। এগুলোর দাম ২০০ থেকে ৪০০ টাকা কেজি।
আলমগীর বিশাল আকারের টেবিল বসিয়েছেন। পাশেই ভাজা হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। একটু পরেই ক্রেতা আসবে। ভাজাপোড়ার বেশ কয়েকটি দোকান আছে। এক জায়গায় দেখা গেল, পাতলা পানি পুরির মতো বেশ বড় আকারের একটি খাবার। দোকানি বললেন, এটা ‘মাষের বড়া’। পোলাও চাল ও মাষকলাইয়ের ডালের তৈরি। আছে আরও অনেক পদের খাবার। জিলাপি, মাঠা, খেজুরসহ নানান পদের ফল। দেখা মিলল কাঁটাযুক্ত ‘মাখনা’ নামের একটি ফলের।

রাতে নামাজ তাই অনেকেই নেড়েচেড়ে দেখছেন তসবি, টুপি, জায়নামাজ ও আতর। ছোট বাচ্চারা বড়দের হাত ধরে টুপি দেখছে। নাজিমউদ্দিন ছোট একটি বাক্সে সাত-আট রকমের আতরের পসরা সাজিয়েছেন। ছোট ছোট শিশিতে তা বিক্রি করছেন। এক শিশি ২০ টাকা। ছোটদের আগ্রহ তারাবাতির দিকে। সন্ধ্যা হলেই যে জ্বালাতে হবে।
