জঙ্গি হামলার কারণে বিদেশি ক্রেতারা আমাদের দেশে আসতে ভয় পাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে দেশে মিল-কারখানা বন্ধ হয়ে যাবে। আমরা চাকরিহারা হব। নিজেদের রুটি-রুজির স্বার্থেই জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে—সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে এসব কথা বলেছেন শ্রমিকনেতারা।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে হাজারো পোশাকশ্রমিক উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি চন্দন কুমার দে। অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত ও সাধারণ সম্পাদক মসিউদৌলা।
তপন দত্ত বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নতুন করে দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে জঙ্গি হামলা চালাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের ৪০ লাখ পোশাকশ্রমিক বেকার হবেন। তিনি বলেন, ‘আমরা চাই শিল্প, আমরা চাই বেতন, আমরা চাই মজুরি, আমরা চাই রপ্তানি। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।’
ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি বলেন, ন্যায্য মজুরি দিলে শ্রমিকেরা জঙ্গিবাদ প্রতিরোধে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। নিজেদের রুটি-রুজির জন্যই তাঁদের এই আন্দোলনে নামতে হবে।
মসিউদৌলা বলেন, ক্রেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থা চলতে থাকলে মালিকেরা কারখানা বন্ধ করে দেবেন। শ্রমিক বেকার হবেন। শুধু গার্মেন্টস শিল্প নয়, অন্যান্য কারখানাও বন্ধ হয়ে যাবে। তাই ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, শ্রমিকেরা এত দিন ন্যায্য মজুরি এবং অধিকার আদায়ের আন্দোলন করতেন। এখন থেকে শ্রমিকেরা জঙ্গিবাদবিরোধী আন্দোলনেও শামিল হবেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক, শ্রমিকনেতা মো. মাহবুব, মো. সেলিম, মো. আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়।