গাইবান্ধার তিনটি পৌরসভাতেই আওয়ামী লীগ মেয়র পদের জন্য স্থানীয়ভাবে একক প্রার্থী বাছাই করতে পারেনি। স্থানীয় নেতারা মতৈক্যে পৌঁছাতে না পারায় এ অবস্থা তৈরি হয়েছে। তাই তাঁরা ১২ জন মনোনয়নপ্রত্যাশীর একটি তালিকা চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের প্রাথমিকভাবে বাছাইয়ের উদ্দেশ্যে গত রোববার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খানের বাসভবনে রুদ্ধদ্বার মতবিনিময় সভা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়। কিন্তু এতে উপস্থিত নেতা-কর্মীরা প্রার্থী চূড়ান্ত করতে মতৈক্যে পৌঁছাতে পারেননি। তাই মেয়র পদে তিনটি পৌরসভার ১২ মনোনয়নপ্রত্যাশীর জীবনবৃত্তান্ত ওই দিনই কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। এই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ বকসী ও সাধারণ সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মন্জুরুল ইসলাম।
যে ১২ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, তাঁরা হলেন গাইবান্ধা পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসানুল করিম; সুন্দরগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল কবির ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি আহসান আজিজ সরদার, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ সুলতান আহম্মেদ এবং গোবিন্দগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোকাদ্দেস আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম বলেন, ‘সবাই আমাদের দল করেন। আমরা কার পক্ষে মত দেব? তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তেই তিনটি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘দলীয় মনোনয়ন নিয়ে যেমন সম্ভাব্য প্রার্থীরা উদ্বিগ্ন, সাধারণ কর্মীরা কার পক্ষে কাজ করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় তাঁরাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন।’