রুদ্ধশ্বাসে সবাই ঘরের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে জ্ঞান হারান অনেকে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
গতকাল দুপুরে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে জ্ঞান হারান অনেকে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মলয় ভৌমিক তাঁর কার্যালয়ে বসে চায়ের কাপে টি-ব্যাগ নাড়ছিলেন। তিনি অবাক হয়ে দেখেন টি-ব্যাগের সঙ্গে সঙ্গে চায়ের কাপও নড়ছে। চমকে ওঠেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই দেখেন, কাপটির নিচের টেবিলও নড়ছে। তারপর পায়ের তলায় মেঝে, ওপরের ছাদ, ফ্যান—সবই নড়ছে। তিনি দৌড়ে দরজার বাইরে এসে দেখেন, রবীন্দ্র কলাভবনের মাঝখানের মাঠে অসংখ্য মানুষ।
ভবনের সিঁড়ি বেয়ে দুদ্দাড় নিচে নামছেন শিক্ষক-শিক্ষার্থীরা। চিৎকার-চেঁচামেচি করছেন সবাই-ভূমিকম্প হচ্ছে...ভূমিকম্প হচ্ছে...। নিচে একদল ছাত্র ড্রেনের পানির দিকে তাকিয়ে আছেন। তখনো পানিতে ঢেউ। তাঁরা চিৎকার করে বলছেন, ‘এখনো হচ্ছে। কেউ ওপরে উঠবেন না।’
পাশেই দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জিন্নাত আরা বেগম। তিনি বলেন, তাঁর মাথা ঘুরছে। মলয় ভৌমিক বলেন, এর অর্থ হচ্ছে এখনো ভূমিকম্প হচ্ছে। বেলা সোয়া ১২টার দিকে রাজশাহীতে ভূমিকম্পের সময় এভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ভবন ছেড়ে দৌড়ে নিচে নেমে আসেন। একইভাবে অফিস-আদালত ও বাড়িঘর ছেড়ে মানুষ বাইরে চলে আসেন। নগরের সাহেব বাজার ও মণিচত্বর এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। দুপুর প্রায় পৌনে একটার দিকে দ্বিতীয় দফা ভূমিকম্প হলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে বিদ্যালয়ই ছুটি দেওয়া হয়।
নগরের নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এ সময় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা খাতুন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা দুইটার দিকে তার স্বজনেরা তাকে ঘিরে হাসপাতালে বসেছিলেন। তখনো তার জ্ঞান ফেরেনি।
রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তথাপি আজাদ জানায়, দ্বিতীয়বার ভূমিকম্পের সময় সবাই যখন ভয়ে দৌড়ে নিচে নামছিল, তখন তার সহপাঠী জাকিয়া সুলতানা জ্ঞান হারিয়ে ফেলে। ভূমিকম্প থেমে যাওয়ার পর তার চোখেমুখে পানি দিলে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফেরে।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, তার বিদ্যালয়ে এক হাজারেও বেশি শিক্ষার্থী। ভূমিকম্পের সময় বাচ্চারা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এই সময় দুটি মেয়ে ভয়ে-আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। খবর দিলে অভিভাবকেরা এসে তাদের নিয়ে যান। তিনি বলেন, দ্বিতীয়বার ভূমিকম্পের পর বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়।
দ্বিতীয়বার ভূমিকম্পের সময় সাহেব বাজার জিরো পয়েন্টে মানুষ দৌড়ে রাস্তায় নেমে আসে। এ সময় যানবাহন আর লোকজনে জট পাকিয়ে যায়। সবাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। এ সময় ওই এলাকার ১১ তলাবিশিষ্ট ভবন ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বেশ কয়েকজন যুবককে তাঁদের মুঠোফোনের ক্যামেরা তাক করতে দেখা যায়।