রুদ্র মুহমঞ্চদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ
তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহমঞ্চদ শহিদুল্লাহর (১৯৫৬-১৯৯১) ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবির স্বীকৃতি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুদ্র সঞ্চৃতি সংসদ আজ কবির গ্রামের বাড়ি মংলার মিঠেখালিতে সকালে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ২৯ জুন সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে কবির নির্বাচিত কবিতা নিয়ে ‘বৃষ্টির জন্যে প্রার্থনা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।অকালপ্রয়াত এই কবি তাঁর কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’—এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন ‘ভুল মানুষের কাছে নতজানু নই’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে তারুণ্যের দীপ্ত প্রতীকে। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তরজুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। মাত্র ৩৫ বছরের জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।