রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ

ভালো আছি ভালো থেকো/ আকাশের ঠিকানায় চিঠি লিখো—তুমুল জনপ্রিয় এই গানের গীতিকার কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবির স্বীকৃতি। ১৯৯১ সালের এই দিনে মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকীর দিনটি স্মরণে বিকেলে বাগেরহাটের মোংলার মিঠেখালিতে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার আয়োজন করেছে রুদ্র স্মৃতি সংসদ। সন্ধ্যায় সংসদ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অকালপ্রয়াত এই কবি তাঁর কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’—এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন—‘ভুল মানুষের কাছে নতজানু নই’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে তারুণ্যের দীপ্ত প্রতীকে। তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্যসহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন।