রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালীতে গতকাল শনিবার কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে৷ দিনটি উপলক্ষে কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে নানা কর্মসূচি পালন করে রুদ্র স্মৃতি সংসদ৷
সকালে স্মৃতি সংসদ চত্বর থেকে বের হওয়া বিশাল শোভাযাত্রা প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন৷
সন্ধ্যায় স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সম্পাদক আসাদুজ্জামান৷ সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন আপসহীন যোদ্ধা। সমাজের সব বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন৷ যত দিন বাংলাদেশ থাকবে তত দিন রুদ্র তাঁর কবিতা ও গান নিয়ে বেঁচে থাকবেন৷
পরে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন ‘অন্তর বাজাও’ ও স্থানীয় শিল্পীরা৷
মাত্র ৩৫ বছরের জীবদ্দশায় রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ—উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৭), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮) ও মৌলিক মুখোশ (১৯৯০)৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি বিষ বিরিক্ষের বীজ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। এ ছাড়া, তিনি বেশ কিছু গল্প লিখেছেন৷ তাঁর রচিত ও সুরা করা ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি দুই বাংলায় অত্যন্ত জনপ্রিয়৷