রুনার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তারকে হত্যায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর। দুই মোটরসাইকেল আরোহীর বখাটেপনায় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনির সামনে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন্নেছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহেনা ইউনূস, আন্দোলন সম্পাদক লাইলা খালেদা, লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ ও কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সদস্য ফাতেমা বেগম।
১৬ অক্টোবর সন্ধ্যায় কলোনির ফটকের সামনের সড়কের বিভাজকে দাঁড়ানো রুনা আক্তার মোটরসাইকেল আরোহীর বখাটেপনায় প্রাণ হারান। তিনি ও তাঁর ছোট বোন তানিয়া আক্তার রিকশার জন্য অপেক্ষার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের আরোহী আল আমিনের পেছনে বসা একজন রুনার ওড়না ধরে টান দেন। এতে রুনা পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে ফেলে দেন। রুনার দুই পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়। পরে এলাকাবাসী ও পুলিশ এসে আল আমিনকে ধরে ফেলে। তবে তাঁর পেছনে বসা আরোহী পালিয়ে যান। রুনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।