৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ছয় সদস্যের বাংলাদেশ দল একটি রুপার ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। গণিত দলের সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ শফিউল্লাহ রৌপ্যপদক ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান ব্রোঞ্জপদক অর্জন করেছে। এ ছাড়া দলের অন্য চার সদস্য সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আখতার, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আসিফ-ই-ইলাহী, ময়মনসিংহ জিলা স্কুলের মো. সানজিদ আনোয়ার ও রাজশাহী কলেজের মুহতাসিম মিম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।
বাংলাদেশ দলের শফিউল্লাহ ২২ নম্বর, আদিব হাসান ১৬, সানজিদ আনোয়ার ১৪, আসিফ-ই-ইলাহী ১৪, সাজিদ আখতার ১০ ও মুহতাসিম মিম ৮ নম্বর পেয়েছে। দলীয়ভাবে বাংলাদেশ পেয়েছে ৮৪ নম্বর। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ দলের দলীয় সর্বোচ্চ নম্বর।
বাংলাদেশ সময় গতকাল শনিবার ভোররাতে আইএমও বিচারকদের চূড়ান্ত সভায় পদক নির্ধারণের পর বাংলাদেশের এ ফলাফল নিশ্চিত হয়েছে।
ফলাফল সম্পর্কে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দলের সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দলীয়ভাবে আইএমওতে ১০ বছরের সবচেয়ে ভালো ফলাফল করেছি। রৌপ্যপদকটা আমাদের প্রত্যাশিত ছিল। দলের নতুন সদস্যরা ভালো করেছে। আশা করি তারা সামনে আরও ভালো করবে।’
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছি। দলের সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা। এ ছাড়া গণিত অলিম্পিয়াড আয়োজনে যাঁরা সহযোগিতা করেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গণিত দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ ফলাফল দেশের জন্য অনেক সম্মানের। আশা করি সামনে আরও ভালো ফল হবে এবং আমাদের শিক্ষার্থীরা স্বর্ণপদক নিয়ে আসবে।’
বাংলাদেশে দলের দলনেতা ও কোচ মাহবুব মজুমদার বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আরও ভালো করার সুযোগ রয়েছে।’ ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও নিষ্ঠার সঙ্গে অনুশীলন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি বছর ১০১টি দেশের মধ্যে দলীয় নম্বর ২০১ নিয়ে শীর্ষস্থানে বজায় রেখেছে চীন। চীনের শিক্ষার্থীরা পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক পেয়েছে। ১৯৩ ও ১৯২ নম্বর পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১০ নম্বর নিয়ে তালিকার ৩৯তম স্থানে, বাংলাদেশ ৮৪ পয়েন্ট পেয়ে ৫২তম স্থান, শ্রীলঙ্কা ৮২ নম্বর নিয়ে ৫৪ এবং পাকিস্তান ৫০ নম্বর পেয়ে ৭৫তম স্থানে রয়েছে। তিনজন প্রতিযোগী ৪২ নম্বরের মধ্যে ৪২ পেয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। এরা হলো অস্ট্রেলিয়ার আলেকজান্ডার গানিং, চীনের ঝিয়াং গাও এবং তাইওয়ানের পো শেং উ।
এবারের আইএমওতে ১০১টি দেশের ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলেশিক্ষার্থী ৫০৪ জন এবং মেয়েশিক্ষার্থী ৫৬ জন। মোট স্বর্ণপদক পেয়েছে ৪৯ জন, রৌপ্যপদক পেয়েছে ১১৩ জন ও ব্রোঞ্জপদক পেয়েছে ১৩৩ জন। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ১৫১ জন। আইএমওতে মোট ৪২ নম্বরের পরীক্ষা হয়।
এর মধ্যে যারা ২৯-এর বেশি নম্বর পেয়েছে তাদের স্বর্ণপদক, ২২ থেকে ২৮ নম্বর পর্যন্ত যারা পেয়েছে তাদের রৌপ্যপদক এবং যারা ১৬ থেকে ২১ নম্বর পেয়েছে তাদের ব্রোঞ্জপদক দেওয়া হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমওতে অংশগ্রহণ করছে। এবার নিয়ে বাংলাদেশের গত ১০ বছরে বাংলাদেশের মোট দুটি রৌপ্যপদক, ১০টি ব্রোঞ্জ ও ২০ সম্মানজনক স্বীকৃতি।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। এতে সার্বিক সহায়তা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।