রুপা হত্যার অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে রুপা খাতুনকে ধর্ষণের পর হত্যার মামলায় অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়ে এনেছেন আদালত। বিশেষ সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান শুনানি শেষে এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার বলেন, গত রোববার পুলিশ বিচারিক হাকিম আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়। পরদিন সোমবার বিচারিক হাকিম আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র পাঠানো হয়। বিচারিক হাকিম আদালতে মামলাটির ধার্য তারিখ ছিল ১৩ নভেম্বর। অভিযোগপত্র এসে গেছে তাই মামলার তারিখ এগিয়ে আনার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবেদন করা হয়।

আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী উল্লেখ করেন, রুপা ধর্ষণ ও হত্যা মামলাটি চাঞ্চল্যকর ও রোমহর্ষক। দ্রুত এর বিচার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাই অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়ে আনা প্রয়োজন। বিচারক শুনানি শেষে ১৩ নভেম্বরের নির্ধারিত তারিখ এগিয়ে এনে ২৫ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান। পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

পরে ২৮ আগস্ট রুপার ভাই মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রুপাকে শনাক্ত করেন। পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা রুপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২৯ আগস্ট বাসের তিন সহকারী শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং ৩০ আগস্ট চালক হাবিবুর এবং সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা সবাই এখন টাঙ্গাইল কারাগারে আছেন। ৩১ আগস্ট রুপার লাশ উত্তোলন করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে নিয়ে লাশ দাফন করা হয়।