রুপার পাশে লতিফ সিদ্দিকী
বাল্যবিবাহ ও যৌতুকের কাছে হার না মানা রাজশাহীর বাগমারার মেধাবী শিক্ষার্থী রুপা খাতুনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
রুপা বাগমারার চান্দেরআড়া গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। সে বাগমারার চান্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘বাল্যবিবাহের পরও জিতেছে রুপা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। খবরটি মন্ত্রী লতিফ সিদ্দিকীর নজরে আসে। পরে তিনি এ বিষয়ে বাগমারার ইউএনও সাদেকুল ইসলামের সঙ্গে কথা বলে রুপার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান।
সাদেকুল ইসলাম জানান, ওই সংবাদ দেখার পর মন্ত্রী সকালে তাঁকে ফোন করে রুপার বিষয়ে খোঁজখবর নেন। তিনি রুপার লেখাপড়ার খরচ বহনের আগ্রহ প্রকাশ করেন। রুপার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় গণিপুর ইউপির চেয়ারম্যান রুপার বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নেন। বিকেলে রুপা ও তার বাবা আবুল কাশেম তাঁর (সাদেকুল) সঙ্গে দেখা করেন। এ সময় তিনি মন্ত্রীর আগ্রহের কথা তাঁদের জানান ও রুপার লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
রুপা জানায়, মন্ত্রী পাশে থাকলে সে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারবে।