রুপালি ফিতায় আসছে অপারেশন জ্যাকপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংসে ‘অপারেশন জ্যাকপট’-এ অংশ নেওয়া নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ চলচ্চিত্র বানানোর প্রকল্প হাতে নিয়েছে।

আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দর কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধে অবদান রাখা অকুতোভয় নৌ কমান্ডোদের দুঃসাহসী অভিযানকে স্মরণীয় করে রাখতে ‘অপারেশন জ্যাকপট’ নামে চলচ্চিত্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য ৩ হাজার ৬৬০ ইউনিট আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ৩৬০ ইউনিট ফ্ল্যাটের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৩৩৮ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত মোট সাতটি উন্নয়ন প্রকল্প এবং চারটি উন্নয়ন কর্মসূচি শেষ করা হয়েছে। বর্তমানে চারটি প্রকল্প বাস্তবায়নাধীন এবং আটটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, আবদুল হাই, এম আবদুল লতিফ ও আনোয়ারুল আজীম বৈঠকে অংশ নেন।