সাভারে ভবনধসের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার পোশাককর্মী রুপালী বেগম (৩৩)। তাঁকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্ট চলে। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টাই ব্যর্থ। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার ৫২ দিনের মাথায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।
ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দুপুরে মারা যান রুপালী। এরপর ওই দিন রাতেই লাশ ঢাকা থেকে নিজ গ্রাম বদরগঞ্জের গোপালপুর আকন্দপাড়ায় নিয়ে আসা হয়। গতকাল সোমবার সকালে জানাজা শেষে লাশ দাফন করা হয়। এতে অংশ নেন শত শত মানুষ। রুপালী বেগমকে নিয়ে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩১।
রুপালী বেগমের বড় ভাই দুদু মিয়া (৪০) জানান, রুপালী রানা প্লাজার একটি পোশাক কারখানায় সেলাইমেশিন অপারেটর পদে তিন বছর আগে চাকরি নেন। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ার পর ওই দিনই ধ্বংসস্তূপের নিচ থেকে রুপালীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
রানা প্লাজায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতায় অংশ নেন ছাত্র ফেডারেশনের সদস্য হিমালয় হিমু। তিনি গতকাল লাশের সঙ্গে আসেন বদরগঞ্জে। হিমু বলেন, ‘চিকিৎসকেরা আশা করছিলেন, রুপালীকে বাঁচানো যাবে। আমরা কয়েকজন উদ্ধারকর্মী ক্রমান্বয়ে সার্বক্ষণিক হাসপাতালে তাঁর পাশে ছিলাম। কিন্তু ধীরে ধীরে তাঁর বাম পায়ে পচন ধরে। আক্রান্ত হয় কিডনি। হূদ্যন্ত্রেও পানি জমে। এ অবস্থায় গত ১২ জুন থেকে তাঁকে কৃত্রিমভাবে (লাইফ সাপোর্ট দিয়ে) বাঁচিয়ে রাখা হয়। গত রোববার দুপুরে দিকে তিনি মারা যান।’
গতকাল রুপালী বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। প্রতিবেশীরা জানান, রুপালীর বাবার নাম নবির উদ্দিন। পরিবারে অভাব-অনটনের কারণে তিনি রুপালীকে ১৪ বছর বয়সেই বিয়ে দেন প্রতিবেশী মেহের আলীর সঙ্গে। এরপর রুপালীর কোলজুড়ে আসে দুই মেয়ে ও এক ছেলে। কিন্তু ১০ বছর আগে স্ত্রী-সন্তান ফেলে নিরুদ্দেশ হন মেহের আলী। এরপর সন্তানদের মুখে খাবার তুলে দিতে রুপালী ঢাকায় গিয়ে প্রথমে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। বছর তিনেক আগে তিনি রানা প্লাজার একটি পোশাক কারখানায় সেলাইমেশিন অপারেটর পদে যোগ দেন। রুপালীর বড় মেয়ে মিলি খাতুনের বয়স এখন ১৬। আর ছোট মেয়ে মেরি আক্তার ও একমাত্র ছেলে রুহুল আমিনের বয়স যথাক্রমে ১৪ ও ১০ বছর।
মেরি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলে, ‘মা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমাদের কে দেখবে? খাবার পাব কোথায়?’