রুবিনার লাশ পরিবারের কাছে হস্তান্তর
নীলফামারীতে আবাসিক হোটেল থেকে গত বৃহস্পতিবার উদ্ধার করা পুলিশ সদস্যের স্ত্রী রুবিনা খাতুনের লাশ গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ রুবিনার স্বজনেরা দুপুরে তাঁর লাশ নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুরে তাঁদের বাড়ি নিয়ে গেছেন।
শহরের বড়বাজার এলাকার অবকাশ নামের ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ৩১ নম্বর কক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেঁচানো ও বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুবিনার লাশ উদ্ধার করে পুলিশ।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, ওই দিন সন্ধ্যায় রুবিনার বাবা জামিরুল ইসলাম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে থানায় আসেন। তিনি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা করবেন বলে জানিয়েছেন। এ কারণে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে শুক্রবার লাশের ময়নাতদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আটক পুলিশ সদস্য মহিদুল ইসলামকে পুলিশের নজরদারির মধ্যে রাখা হয়েছে।
জামিরুল ইসলাম জানান, রুবিনা রতনপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। ২০১৫ সালে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।