রুবেল-মিথুনের জামিন জালিয়াতির ঘটনায় রিমান্ডে মহিউদ্দিন
গুলশানে দম্পতি খুনের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রুবেল ও মিথুনের জামিন জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন আজাদ ওরফে রাব্বির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহিউদ্দিনকে মহানগর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরে সাদিকুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে (৫০) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলার প্রধান আসামি রুবেল ও মিথুনকে গ্রেপ্তার করা হয়। পরে এ মামলার কাগজপত্র জাল করে গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নেন রুবেল ও মিথুন। এরপর তাঁরা পালিয়ে যান। ৬ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ওই হত্যা মামলায় রুবেল ও মিথুনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি মহিউদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।আদালত সূত্র জানায়, আসামিদের জামিন আবেদনে অসংগতি ও জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনলে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে শাহবাগ থানায় মামলা করেন। হাইকোর্ট এ মামলায় গত ২৬ মে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ডিবি পুলিশকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।গতকাল মহানগর আদালতে মহিউদ্দিনের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে বাড্ডা এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জামিন জালিয়াতি এবং তাঁদের অবস্থান জানতে মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।