নরসিংদীর সদর উপজেলায় তিন ভাই-বোনকে খুন ও বড় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগে গত শনিবার রুবেল মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার আলোকবালী পূর্বপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার বাড়ি থেকে তাঁর মেয়ে মার্জিয়া বেগম (৬), মরিয়ম বেগম (৮) ও ছেলে ইয়াছিন মিয়ার (১০) মৃতদেহ উদ্ধার হয়। ওই রাতেই বাড়ি লাগোয়া একটি কালভার্টের কাছে বড় ভাই আতিকুর রহমানকে কুপিয়ে আহত করেন মেজ ভাই রুবেল মিয়া (২২)। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা, রুবেল তিন ভাই-বোনকে খুন করেছেন।
আহত আতিকুল ইসলাম গত বুধবার বলেন, রুবেল রাত ১২টার দিকে মাদ্রাসায় গিয়ে তাঁকে মায়ের অসুস্থতার কথা জানান। পরে দুজনে বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছেই রুবেল তাঁকে দা দিয়ে কোপাতে থাকেন। প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
নরসিংদী সদর মডেল থানা-পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর রুবেল আত্মগোপন করেন। পরদিন বুধবার সকালে একই গ্রামের একটি শৌচাগার থেকে রুবেলকে আটক করে জনতা তাঁকে পুলিশে দেয়। গত বৃহস্পতিবার সকালে বাবা আবুল কালাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় একমাত্র রুবেলকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে রুবেলকে জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে পাঁচ দিনের জন্য তা মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার কারণ সম্পর্কে রুবেল নানা সময় নানা ধরনের কথা বলছেন। তাই তাঁরা রিমান্ড আবেদন করেছেন।
রুবেলের বাবা আবুল কালাম বলেন, তাঁরা বড় ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিলে রুবেলের মধ্যে পরিবর্তন আসে। রুবেল চাচ্ছিলেন না তাঁর বড় ভাইয়ের বিয়ে হোক।