রুবেল হত্যা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দাখিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে পুলিশি হেফাজতে ব্যবসায়ী মনিরুজ্জামান রুবেলের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে জেলা ওষুধ ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। সেই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তাঁরা। গতকাল বিকেলে শহরের শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি খন্দকার আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রশান্ত পাল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এর আগে রুবেলের আত্মার মাগফিরাত কামনায় সমিতির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়। মোটরসাইকেল চুরিতে জড়িত সন্দেহে গত বুধবার সকালে শহরের সদর সড়কের ওষুধের দোকান থেকে মনিরুজ্জামান রুবেলকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রুবেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে রুবেলের মৃত্যু হয়।