রুবেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জনসন সড়কের মিম হোটেলের কর্মচারী মো. রুবেলকে হত্যার পর তাঁর কাটা মাথা নিয়ে চাঁদা দাবির মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রুবেলের গ্রামের বাড়ি বরিশালের উজিপুরে।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের উত্তমপুর গ্রামের রুবেল ও দেউড়ি গ্রামের রনি বিশ্বাস এবং ময়মনসিংহের ফুলপুরের কোদালিয়া উত্তরপাড়ার রোমান। আদালত তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জারিমানা করেন, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। ২০১০ সালের ৬ জুন রাতে মিম হোটেলের পাশে হোটেল শাহ কামালের একটি পরিত্যক্ত কক্ষে তিন বন্ধু খুন করেন রুবেলকে।