রুবেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কলেজছাত্র মো. রুবেল আকনকে (১৭) গলা কেটে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত ডালিম জমাদ্দারের ছেলে মিরাজ জমাদ্দার (২৫), একই গ্রামের মৃত মান্নান পহলানের ছেলে কালাম পহলান (২৫) ও মো. হারুন হাওলাদারের ছেলে আবদুল জলিল (২৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত হোসেন খানের ছেলে ফারুক খান (৫৫), ফারুক খানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে নিপুণ (২০), একই গ্রামের মৃত মোতাহার আলী খানের ছেলে আবদুল মান্নান খান (৫৫), মান্নান খানের শ্যালক বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো. রিয়াজ (৩৫)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিরাজ জমাদ্দার ঘটনার পর থেকে পলাতক। রায় ঘোষণার সময় অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান আকনের সঙ্গে প্রতিবেশী ফারুক খানের জমি নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া একই গ্রামের আবদুল মান্নান খানের মেয়ের সঙ্গে হাবিবুর রহমান আকনের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রুবেল আকনের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আবদুল মান্নান খান রুবেলের ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ঘটনার জের ধরে হত্যার ১৩ দিন আগে আবদুল মান্নান খান ও তাঁর শ্যালক রিয়াজ রুবেলকে মারধর করেন। ২০০৮ সালের ২২ জুন সন্ধ্যায় নিহত রুবেলের বন্ধু মিরাজ জমাদ্দার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে শাঁখারীকাঠি ভাড়ানি খালে স্থানীয় লোকজন রুবেলের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন ২৩ জুন নিহত রুবেলের বাবা হাবিবুর রহমান আকন বাদী হয়ে মিরাজ জমাদ্দারকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন। পরে কালাম ও আবদুল জলিলকে পুলিশ গ্রেপ্তার করার পর তাঁরা মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৯ সালের ১৮ মার্চ পুলিশ মামলাটি তদন্ত শেষে এজাহারভুক্ত দুই আসামি ফারুক খান ও আবদুল মান্নান খানকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বাদী আদালতে নারাজি দিলে বিচারক ফারুক খান ও আবদুল মান্নান খানের বিরুদ্ধেও চার্জ গঠন করে পুলিশ। মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয় আদালতে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন।
নিহত রুবেলের বাবা হাবিবুর রহমান আকন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির।