দক্ষিণ আফ্রিকায় রপ্তানির জন্য প্রস্তুত ৪০ হাজার শার্ট (শিশুপোশাক) ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি রুবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমদ তাঁকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে বায়েজিদ থানার পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ৪০ হাজার শার্ট ছিনতাইয়ের ঘটনায় রুবেলের রিমান্ড মঞ্জুর হয়েছে। বায়েজিদ থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।পুলিশ সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রামে গত বৃহস্পতিবার থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৪০ হাজার শার্ট উদ্ধার এবং রুবেল ও কাভার্ড ভ্যানের চালক জহিরকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ হোসেন দুবাই থেকে এ ছিনতাইয়ের নেতৃত্ব দেয়।