রুবেলের দুই সহযোগী জবানবন্দি দিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান কালাচাঁদপুরের ব্যবসায়ী দম্পতি হত্যাকারী রুবেলের সহযোগী মিথুন চন্দ্র দে ও নাজমুল ইসলাম ওরফে বাবু আদালতে খুনের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়। গতকাল বিকেলে তাঁরা ঢাকার মহানগর হাকিম মো. মোয়াজ্জেম হোসেন এবং এস কে এম তোফায়েল হাসানের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার মূল আসামি রুবেলের বোনের স্বামী মহিউদ্দিন আজাদ ওরফে রাব্বীকেও সোমবার হেফাজত শেষে কারাগারে পাঠানো হয়। ১ এপ্রিল মামলার মূল আসামি রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। গত ২৪ মার্চ রুবেল তাঁর সহযোগীদের নিয়ে কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করেন। নিহত ব্যবসায়ী দম্পতির ছোট মেয়েকে রুবেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটানো হয় বলে তদন্তে জানা যায়।