রুবেলের বিরুদ্ধে মামলায় হ্যাপির নারাজি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে করা মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসলামের আদালতে এ আবেদন করা হয়। আদালত ২০ মে শুনানির দিন ধার্য করেন।
রুবেল হোসেন এ মামলায় জামিনে আছেন। গতকাল এ মামলায় চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী হ্যাপি চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ মে শুনানির দিন ধার্য করেন। গতকাল হ্যাপি ও রুবেল আদালতে উপস্থিত ছিলেন।
হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক (ভিকটিম সাপোর্ট সেন্টার) হালিমা খাতুন গত ৬ এপ্রিল ‘সাক্ষীদের সঙ্গে কথা না বলেই’ এ প্রতিবেদন তৈরি করেছেন। ‘মনগড়া তদন্তের মাধ্যমে’ তিনি আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। এ কারণে পুলিশের দেওয়া এ তদন্ত প্রতিবেদন বাতিল করে অধিকতর তদন্ত চাওয়া হয়েছে। আদালতে রুবেলের জামিনের বিরোধিতা করা হয়। আদালত তা নাকচ করে রুবেলের জামিন বহাল রাখার আদেশ দেন।
গত বছর ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হ্যাপি। এ মামলায় গত বিশ্বকাপের আগে চার দিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত পেয়ে তিনি বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, হ্যাপি ধর্ষণের যেসব আলামত উপস্থাপন করেছিলেন, তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীকে পরীক্ষা করে তিন সদস্যের মেডিকেল বোর্ডও বলেছে, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো আলামত তাঁরা পাননি।