রুমকি খানম এবার জেএসসি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগড়ায় চারটি হাত-পা অচল মেধাবী রুমকি জেএসসি পরীক্ষা দিচ্ছে l প্রথম আলো
লোহাগড়ায় চারটি হাত-পা অচল মেধাবী রুমকি জেএসসি পরীক্ষা দিচ্ছে l প্রথম আলো

শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে সাফল্য ছিনিয়ে আনা সেই রুমকি খানম এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে। সে অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারে না। কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ প্রবল। বাম হাতে কলম ধরে, ডান হাত দিয়ে ধাক্কা দেয়। এভাবেই পরীক্ষার খাতায় লেখে সে।
গতকাল রোববার নড়াইলের লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে। রুমকি গতকাল ওই পরীক্ষাকেন্দ্রে ১০৩ নম্বর কক্ষে গণিত পরীক্ষা দিচ্ছিল। এ কক্ষের পরিদর্শক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুমকির হাত-পা প্রায় অচল। কিন্তু তার মানসিক শক্তি প্রবল। তার হাতের লেখা সুন্দর ও গতিময়।
রুমকি স্থানীয় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে। বাবা আবদুর রউফ মোল্লা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা আবেদা সুলতানা গৃহিণী। তিনি বলেন, ‘জন্মগতভাবেই রুমকি প্রতিবন্ধী। নিজে চলাফেরা করতে পারে না। খাওয়া, গোসল ও কাপড় পরাসহ সব কাজে অন্যের ওপর নির্ভরশীল। কোলে ও ভ্যানে করে বিদ্যালয়ে নিয়ে বেঞ্চে বসিয়ে দিয়ে আসতে হয়। আবার এভাবেই বাড়ি আনতে হয়। ছোটবেলায় সে বাম হাতে কলম ধরে বাম পায়ের সহযোগিতায় লিখত। এখন বড় হয়ে যাওয়ায় পায়ের সাহায্য নিতে পারে না। তবে পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই বড় বেশি মনোযোগী। ছবিও আঁকতে পারে সে।
তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, রুমকি মেধাবী ও আত্মবিশ্বাসী। সে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।