রুমঝুম শব্দে মুখর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট শিশুর দুই পায়ে বাঁধা নূপুরের রুমঝুম রুমঝুম শব্দে মুখরিত হয়ে উঠেছে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন। সবার পরনে সাদা শাড়ি আর সাদা জামা। নয়নাভিরাম এক দৃশ্য। তাদের মধ্যে কেউ নৃত্য পরিবেশন করবে আবার কেউ গাইবে গান। ওরা সবাই আনন্দে উচ্ছ্বসিত। উপলক্ষ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী। নজরুল একাডেমি আয়োজিত আট দিনব্যাপী অনুষ্ঠানমালার গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। এ দিনের আয়োজনে ছিল নজরুলের কাব্য আমপাড়া, প্রবন্ধ পাঠ এবং নৃত্য ও সংগীত।সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হয় নজরুলের কাব্য আমপাড়া পাঠ দিয়ে। নজরুল একাডেমীর সংস্কৃতি সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ দুটি কবিতা পাঠ করেন। এরপর স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান।একাডেমির সহসভাপতি সৈয়দ আখতার ইউসুফের সভাপতিত্বে ‘নারী জাগরণে নজরুলের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নজরুল গবেষক ও কবি আবদুল মান্নান সৈয়দ।প্রবন্ধে আবদুল মান্নান সৈয়দ বলেন, নজরুলের স্ত্রীর নাম ছিল আশালতা সেন গুপ্তা। কিন্তু নজরুল স্ত্রীর নাম দেন মেঘনাদবধ কাব্যের তেজস্বিনী নারী চরিত্র প্রমীলার নামে। এরপর থেকেই কবি স্ত্রীকে প্রমীলা বলেই ডেকেছেন। নজরুল নারী জাগরণের পক্ষে তাঁর কাব্য রচনা করেছেন।দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই পরিবেশন করা হয় নৃত্য। মোট সাতটি নৃত্য পরিবেশন করেন নজরুল একাডেমির শিল্পীরা। ‘জাগো নারী জাগো’ গানের সঙ্গে একক নৃত্য দিয়ে শুরু হয় নাচের পালা। আরও একটি একক নৃত্য ছিল ‘কারার ঐ লৌহ- কবাট’ গানের সঙ্গে। ‘শিকল পরা ছল’, ‘হলুদ ফুল’, ‘রাঙ্গামাটির পথে লো’ এবং ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য। দ্বৈত নৃত্য ছিল ‘ব্রজ গোপী খেলে হোরী’ গানের সঙ্গে।নৃত্যের পর শুরু হয় সংগীত পরিবেশন। প্রথমেই শিশুশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ এবং ‘রাঙ্গামাটির পথে লো’ গান দুটি। এরপর শুরু হয় একক সংগীত পরিবেশন। শিল্পীদের তালিকায় ছিলেন জোসেফ কমল রড্রিক্স, করিম শাহাবুদ্দিন, সামিয়া নাজ, মেহেরুন্নেসা, লুইপা, বিপাশা গুহঠাকুরতা, ইউলিয়া ইসলাম, আনিকা তাবাসসুম, নাদিয়া আফরোজসহ আরও অনেকেই।গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে নজরুল একাডেমির আট দিনের নজরুলের ১১১তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় একই স্থানে রয়েছে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, আজ নজরুলের ইসলামী গান পরিবেশন করবেন শিল্পীরা। গ্যাগারিন মহাকাশ উৎসবপ্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের মহাকাশযাত্রার ৪৯ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিককেন্দ্র যৌথভাবে গ্যাগারিন মহাকাশ উৎসব নামের এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে গাণিতিক জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মফিজউদ্দিন আহমেদ। মাসব্যাপী এই কর্মসূচিতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আলোচনা হবে।আসামের ভাষাশহীদের স্মরণে সভা১৯৬১ সালের ১৯ মে, ভারতের আসামে রাজ্যভাষা বাংলার দাবিতে শুরু হয়েছে সত্যাগ্রহ আন্দোলন। আন্দোলনে যোগ দেওয়ার জন্য শিলচর স্টেশনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে স্লোগানমুখর পরিবেশ। হঠাৎ আধাসামরিক বাহিনীর আক্রমণ। গুলিতে শহীদ হলেন ১১ জন তরুণ-তরুণী। আসামের এই ভাষাশহীদদের স্মরণে গতকাল বুধবার সকালে ‘ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ’ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করে।মহিলা সমিতির সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন, ডা. মির্জা মাজহারুল ইসলাম, ডা. কাজী খালেদা খাতুন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষা তার অনন্যতার জন্য বিশ্বব্যাপী দিন দিন পরিচিতি পাচ্ছে। ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে যাঁরা মাতৃভাষার জন্য আত্মদান করেছেন, তাঁদের স্মরণ করতে হবে যথাযোগ্য মর্যাদায়।ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে আগামীকাল শুক্রবার থেকে ফেনীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন, সিডিএসবি ফাউন্ডেশন ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি ফেনীর যৌথ আয়োজনে পাঁচ দিনের এই উৎসব হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ২১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।