সংশোধিত সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন আদিবাসী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রুমায় জনসংহতি সমিতি (জেএসএস) রুমা শাখা মিছিল ও সমাবেশ করে। রুমায় আয়োজিত কর্মসূচিতে আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠীর নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় দুই শতাধিক আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রুমা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে রুমা বাজারে ফিরে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস উপজেলা শাখার সহসভাপতি মংশৈপ্রু খিয়াং। বক্তব্য দেন জেএসএস সভাপতি লুপ্রু মারমা, আদিবাসী নেতা জনি লুসাই, লাংকু ম্রো, লাংলেয়া বম, ফ্রান্সিস ত্রিপুরা, ফেলুং খুমী, উক্যচিং মারমা, মউচিং মারমা, নিরঞ্জন তঞ্চঙ্গ্যা প্রমুখ।বক্তারা অবিলম্বে সদ্য সংশোধিত সংবিধান বাতিল করে তা আবার সংশোধনের দাবি জানান। তাঁরা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আদিবাসীরা রাষ্ট্রে আত্মপরিচয়ের স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সব সরকারই তাঁদের ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী’ ইত্যাদি হিসেবে আখ্যায়িত করে আসছে। তাঁরা বলেন, সরকার আবার সংবিধান সংশোধন করে আদিবাসীদের স্বীকৃতি না দিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।