রুমা সরকারি উচ্চবিদ্যালয় চলছে তিন শিক্ষক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রুমা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটে প্রায় ৫০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। কাগজে-কলমে পাঁচজন শিক্ষক থাকলেও বাস্তবে একজন ধর্মীয় শিক্ষকসহ মাত্র তিনজন শিক্ষক নিয়ে প্রায় দেড় বছর ধরে বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম চলছে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বীকার করেছেন।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, ‘বহু আন্দোলন, সংগ্রাম ও লেখালেখি করে কোনো কিছু না হওয়ায় আমরা ক্লান্ত হয়েছি। এখন বিদ্যালয়টি দুজন শিক্ষক নিয়ে কার্যত চলছে না; বিদ্যালয়ের কর্মদিবসে দরজা খুলে রাখা হয় মাত্র।’
বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, গত বছর থেকে একজন ধর্মীয় ও দুজন সহকারী শিক্ষক নিয়ে বিদ্যালয়টি চলছে। গত জুলাইয়ে একজন বয়স্ক প্রধান শিক্ষককে বদলি করা হলেও তিনি কর্মস্থলে আসেন না। স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া তিনজন খণ্ডকালীন শিক্ষক সবাই এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শিক্ষকসংকটের কথা স্বীকার করে বলেন, শিক্ষক কম, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবার দুর্বল শিক্ষার্থীদের মানোন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এ জন্য দশম শ্রেণির ৯৫ শিক্ষার্থীর মধ্যে ৪৫ জনকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো সম্ভব হবে না।
আজিজুর রহমান আরও বলেন, নবম শ্রেণির ১১৪ জন শিক্ষার্থীর মধ্য থেকে নিজেদের প্রচেষ্টায় যারা উত্তীর্ণ হবে, তাদের দশম শ্রেণিতে নেওয়া হবে। তবে প্রধান শিক্ষক ও প্রেষণে নিয়োজিত সহকারী শিক্ষক বিদ্যালয়ে না আসার ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
রুমা উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সাধারণ সম্পাদক লুপ্রু মারমা ও ব্যবসায়ী জসীম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রুমা উচ্চবিদ্যালয়ের শিক্ষকসংকট আজকের নয়। শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে রাখা উপজেলার মানুষকে পেছনে ফেলে রাখার ষড়যন্ত্রের শামিল। অবিলম্বে শিক্ষক দেওয়া না হলে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে শিগগিরই আন্দোলনে নামা হবে।
চট্টগ্রামের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক বলেন, চট্টগ্রাম বিভাগে ৪১৮ জন শিক্ষকের পদ শূন্য। এ অবস্থায় নতুন করে নিয়োগ দেওয়া না হলে শিক্ষক দেওয়া কঠিন। রুমায় পদায়িত পাঁচজন শিক্ষকের মধ্যে দুজন কর্মস্থলে না যাওয়ার ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।