রুমানা মনজুরের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুরের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং তাঁর স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীরা।মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান নারী নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিক্ষিকা রুমানা মনজুরের স্বামী হাসান সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল খালেক বলেন, নারী নির্যাতন বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নুরুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মিজান উদ্দীন, অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল আরেফিন, মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় প্রধান দিল সেতারা প্রমুখ।মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মুশফিক আহম্মেদ, মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহবুবা কানিজ, জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র, ছাত্র উপদেষ্টা গোলাম সাত্তার প্রমুখ।