রুমার দুর্গম সীমান্তে বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় মিয়ানমার সীমান্তের কাছাকাছি দুর্গম পাহাড়ি এলাকায় বিস্ফোরণে আহত হয়েছেন এক ব্যক্তি। গত শনিবার সকালে রুমা উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী চাইসক্ষ্যংপাড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে। আহত ভানরাম নাগ বমকে (৩০) গতকাল সোমবার রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ভানরাম নাগ বমের বাড়ি চাইসক্ষ্যংপাড়ায়। মিয়ানমার সীমান্ত থেকে চাইসক্ষ্যংপাড়ার দূরত্ব প্রায় এক কিলোমিটার।
পুলিশ সূত্র ও স্থানীয় বাসিন্দারা বলেন, জুমচাষের কাজে শনিবার সকালে ভানরাম পাহাড়ি পথ দিয়ে চাইসক্ষ্যংপাড়া থেকে সীমান্তের কাছাকাছি একটি এলাকায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভান জোয়াল নামের পাড়ার আরেক বাসিন্দা। পাহাড়ি পথে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে তাঁর পায়ের তলার মাটিতে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ভানরাম মাটিতে লুটিয়ে পড়েন। ভান জোয়ালও হালকা আহত হন। পাড়াবাসী সেখান থেকে তাঁকে গত রোববার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রুমা থেকে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর দুই পা ঝলসে গেছে।
বান্দরবান জেলা পরিষদের সদস্য ও রুমার বাসিন্দা জুয়েল বম বলেন, দুর্গম ওই সীমান্তের এপার-ওপারে মিয়ানমারের কিছু সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা রয়েছে বলে তাঁরা বিভিন্ন সময় শুনেছেন। সন্ত্রাসীরা সেখানে বিস্ফোরক পুঁতে রাখতে পারে। কয়েক মাস আগেও সীমান্ত এলাকায় বিস্ফোরণে একজন মারাত্মক আহত হয়েছেন।
রুমা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, দুর্গম পাহাড় ও বনাঞ্চল হওয়ায় ওই সীমান্তে কারা চলাচল করে বলা সম্ভব নয়। আহত ভানরাম নাগ বমের দুই পা ঝলসে গেছে। হাতের আঙুলও পুড়ে গেছে। পুলিশ তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গেছে। কী ধরনের বিস্ফোরকের আঘাতে তিনি আহত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না।