রুমায় অপহূত কার্বারি আট দিনে উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে রুমা উপজেলার বাংলাদেশ-ভারত-মিয়ানমারের ত্রিসীমানার কাছাকাছি দুর্গম এলাকা থেকে অপহূত রতি কুমার তঞ্চঙ্গ্যা কার্বারিকে (পাড়াপ্রধান) আট দিন পরও উদ্ধার করা যায়নি।সীমান্তের ওপার থেকে এক দল সন্ত্রাসী পাড়ায় হানা দিয়ে গত ২৬ অক্টোবর তাঁকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বলে গতকাল শুক্রবার রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন।অপহরণকারী সন্ত্রাসীরা এক লাখ ২০ হাজার টাকা এবং পরে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে পাড়াবাসীকে সংবাদ পাঠিয়েছে বলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। কার্বারিকে কারা অপহরণ করেছে, পুলিশ স্পষ্টভাবে না বললেও স্থানীয় লোকজন বলেছেন, পাঁচ শ টেক্যা পার্টি নামে সীমান্তের ওপারে অবস্থানরত একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করেছে।স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাত-আটজনের এক দল সশস্ত্র সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকার লাইন পাড়ায় হানা দেয়। তারা প্রথমে কার্বারির ছোট ভাইকে খোঁজ করতে থাকে। তাকে না পেয়ে কার্বারিকে সীমান্তের ওপারের দিকে ধরে নিয়ে যায়। তবে স্থানীয় অনেকে বলেছেন, রতি কুমার কার্বারির ছোট ভাই চিত্রসেন তঞ্চঙ্গ্যা একসময় চাঁদাবাজ সন্ত্রাসী পাঁচ শ টেক্যা পার্টির সাহায্যকারী ও সংগ্রহকারী হিসেবে কাজ করতেন। কিন্তু চাঁদাবাজির টাকা আত্মসাৎ করে তিনি অন্যত্র পালিয়ে গেছেন। ছোট ভাই পালিয়ে যাওয়ার জের হিসেবে রতি কুমার কার্বারিকে অপহরণ করা হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেছেন, অপহূত কার্বারিকে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। এলাকাটি দুর্গম এবং লোকজন মুখ খুলতে না চাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। চাঁদার জন্য সীমান্ত সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে তিনি জানিয়েছেন।