রুমায় পাহাড়ি ঝিরি থেকে অবাধে তোলা হচ্ছে পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন ঝিরি (পাহাড়ি ছড়া), ঝরনার পাড় ও প্রাকৃতিক পানির উৎস থেকে অবাধে পাথর তোলা হচ্ছে। নির্বিচারে পাথর তোলার কারণে ঝিরি-ঝরনাগুলোর পানির ধারণক্ষমতা কমে যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, প্রাকৃতিক পরিশোধন ব্যবস্থার কাজ করা পাথর তুলে নিলে ঝিরির পানি দূষিত হয়ে পড়বে। ঝিরিসংলগ্ন পাড়াগুলোতে পানির অভাব দেখা দেবে। এতে পাড়ার পরিবেশ ও মানুষের জীবন হুমকির মুখে পড়বে।
গত ২৫ ফেব্রুয়ারি রুমা উপজেলার রুমা খালের মুখ এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা পাথর ভাঙার কাজ করছেন। খালের মুখের পাশের নির্মাণাধীন রুমা-বগালেক সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাথর। শ্রমিকদের কেউ ক্র্যাশিং মেশিনে পাথর ভাঙছেন, কেউবা পাথর ট্রাকে বোঝাই করার কাজ করছেন। পাথর ভাঙার কাজ করা শ্রমিক মিরাজুল ইসলাম ও আহমদ হোসেন বলেন, মজুত করা পাথরের পরিমাণ এক লাখ ফুটের বেশি হতে পারে। তাঁরা দুই মাস ধরে মেশিনে পাথর ভাঙছেন। শুধু তাঁদের দলের ২০ হাজার ফুট পাথর ভাঙার কাজ এখনো বাকি আছে। পাঁচটি মেশিনে পাথর ভাঙা হচ্ছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল হক বলেন, পাথর উত্তোলনের অনুমতির জন্য কয়েকটি আবেদন প্রশাসনের কাছে রয়েছে। কিন্তু কাউকে ঝিরি থেকে পাথর তোলার অনুমতি দেওয়া হয়নি।
রুমা উপজেলার বগালেক-সংলগ্ন কোলাদি মৌজার হেডম্যান শৈ সিং থুই মারমা ও ডলুছড়িপাড়ার বাসিন্দা সুইচিং অং মারমা বলেন, রুমাখাল, বগাখাল, সামাখাল, রেমাক্রি, গালেংগ্যা ময়ূরীপাড়া এলাকা, বটতলী, ডলুঝিরি ও সাকলাইঝিরি থেকে অবাধে পাথর তোলা হচ্ছে। অবৈধভাবে তোলা পাথর সড়কের ধারে, বিভিন্ন পাড়ায় স্তূপ করে ক্র্যাশিং মেশিনে ভাঙা হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
রুমা খাল থেকে তোলা পাথর খালের মুখ এলাকায় স্তূপ করে রেখেছেন ঠিকাদার উজ্জ্বল ধর ও মনিরুজ্জামান। পাথর তোলার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বলে তাঁরা জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, রুমা খালের মুখ এলাকায় পাথরের স্তূপ রয়েছে বিপ্লব মেম্বার (সাবেক ইউপি সদস্য) ও মোহাম্মদ মিলন নামের দুই পাথর ব্যবসায়ীর। ডলুছড়ি এলাকায় পাথরের স্তূপ রয়েছে আবুল বশর (বশর ড্রাইভার), হারিছ মিয়া, শঙ্কর দাশসহ আরও কয়েকজন পাথর ব্যবসায়ীর। তাঁরা সবাই নির্মাণাধীন রুমা-বগালেক সড়কে পাথর সরবরাহ করেন।
এ বিষয়ে উজ্জ্বল ধর বলেন, প্রশাসনের নির্দেশে এখন আর পানির উৎস থেকে পাথর আহরণ করেন না তাঁরা। আগে বিভিন্ন সময়ে তোলা পাথর রুমা খালের মুখ এলাকায় রেখেছেন তিনি। এ পর্যন্ত কী পরিমাণ পাথর পানির উৎস থেকে তোলা হয়েছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
রুমা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শৈবং মারমা ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে একশ্রেণির ঠিকাদার পাড়া-গ্রামের পানির উৎসের ঝিরি-ঝরনা ও খাল থেকে অবৈধভাবে পাথর তুলছেন।
রুমা উপজেলা সদর থেকে বগালেক পর্যন্ত সড়ক নির্মাণে নিয়োজিত সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) উপ-অধিনায়ক মেজর ফয়সল চৌধুরী বলেন, ঝিরি থেকে পাথর তোলার জন্য কোনো ঠিকাদারকে বলা হয়নি। সড়ক নির্মাণের নামে কেউ ঝিরি থেকে পাথর তুললে তা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, পাথর তোলা বন্ধে উপজেলাবাসীর গণস্বাক্ষরে গত ২৩ ফেব্রুয়ারি বন ও পরিবেশমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন তৎপর না হওয়ায় অবাধে পাথর তোলা বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে রুমা ইউএনও শরিফুল হক বলেন, ঝিরি থেকে ঠিকাদারদের পাথর তোলার বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছে। তিনি বলেন, দুর্গম এলাকা হওয়ায় ঝিরি থেকে পাথর তোলা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। গত সপ্তাহে অভিযান চালিয়ে পাথর তোলা নয় শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা দেওয়া হয়েছে।