রুমায় বগা লেকে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলার বগা লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মেডিকেল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাত্তাউল ইমতিয়াজ (২৫) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। চূড়ান্ত পরীক্ষা শেষে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে বান্দরবানে বেড়াতে যান তিনি।
বগা লেকপারের বাসিন্দা রিয়ালমুন বম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাত-আটজন ছাত্র বগা লেকে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে ফাত্তাউল পানিতে ডুবে যান। তাঁকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা বলেন, মেডিকেল ছাত্র ফাত্তাউলকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
রুমা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ফাত্তাউলের লাশ রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।