রুমায় বম জনগোষ্ঠীর যুব সম্মেলন শুরু
বান্দরবানের রুমায় বম জনগোষ্ঠীর যুব সংগঠন ইয়ং বম অ্যাসোসিয়েশনের (ওয়াইবিএ) কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম সম্মেলনের উদ্বোধন করেছেন। তিন দিনের এ সম্মেলনে প্রায় ১০ হাজার জনগোষ্ঠীর বম সমাজের যুব নেতৃত্ব নির্বাচন করা হবে।
গতকাল শুক্রবার সকালে রুমা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে মুনলাই পাড়ায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। রুমা, রোয়াংছড়ি, থানচি ও বান্দরবান সদর উপজেলার বিভিন্ন পাড়া-গ্রাম থেকে কয়েক শ তরুণ-তরুণী সম্মেলনে অংশ নেন। বম জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন বম সোশ্যাল কাউন্সিলের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
ওয়াইবিএর সাধারণ সম্পাদক ভাননুনসিয়াম বম বলেন, বম জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষের বাস রুমা উপজেলার প্রত্যন্ত এলাকায়। সবার অংশগ্রহণের সুবিধার কথা বিবেচনা করে মুনলাই পাড়ায় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বম সমাজের মধ্যে শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সামাজিক শৃঙ্খলা রক্ষা, ভূমি মালিকানা ও বনাঞ্চল সংরক্ষণের ব্যাপারে যুবসমাজের করণীয় নির্ধারণ করা হবে। এ ছাড়া বম জনগোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বম সোশ্যাল কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক জিরকুং সাহু বম বলেন, দুর্গম পাহাড়ে বসবাসকারী বমরা সংখ্যায় কম ও শিক্ষায় অনগ্রসর। এ জন্য যুব সম্মেলনে যুবসমাজকে বন ও ভূমি আইন এবং সামাজিক যোগাযোগ সম্পর্কে ধারণা দিতে আইনজীবী, শিক্ষক, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।