রুমায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলা সদরে এক কিশোরীর (১৩) বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশ নিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না, এই মর্মে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল হক বলেন, স্থানীয় লোকজনের সূত্রে তাঁরা জানতে পারেন সপ্তম শ্রেণিতে পড়া ১৩ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমাকে বলেন তিনি। পাশাপাশি পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই বিয়ে বন্ধ করা গেছে।

রুমা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈমং মারমা বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখি কনের বয়স খুবই কম। ২৩ বছর বয়সী বর ও বরের আত্মীয়-স্বজনকে দেখে মেয়েটি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল বলে আমাদের জানায় সে। আমরা তখন মেয়ে ও ছেলে পক্ষের অভিভাবকদের বিষয়টি বুঝিয়ে বলি। এ বিষয়ে আইনও ব্যাখ্যা করেছি। সব বুঝেই তাঁরা বিয়ে বন্ধে রাজি হয়েছেন। মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে হবে না মর্মে মেয়ের মা-বাবার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।’

ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, ‘এই বিয়ে বন্ধের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। লোকজন বাল্যবিবাহ সম্পর্কে ভালোভাবে জানত না। ভবিষ্যতে এলাকায় এমন বিয়ে হবে না বলেই মনে করি।’