রুমায় ভূমি অধিগ্রহণ-প্রক্রিয়া বাতিলের দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে রুমা সেনানিবাস সম্প্রসারণ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন স্থাপনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ-প্রক্রিয়া বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার আদিবাসীরা পদযাত্রা করেছে। রুমা উপজেলা সদর থেকে প্রায় ৪৮ কিলোমিটার পথ হেঁটে পাঁচ শতাধিক নারী-পুরুষ বিকেল সাড়ে চারটায় জেলা শহরে পৌঁছায়।পদযাত্রার পর জেলা শহরের প্রেসক্লাব চত্বরে সমাবেশ করা হয়। রুমা ভূমিরক্ষা কমিটির সভাপতি লুপ্রু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি জুয়ামলিয়ান আমলাই বম, জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, বান্দরবান সদর উপজেলা সভাপতি উশৈমং মারমা, রুমা ভূমিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মংসাচিং মারমা, পান্থলা হেডম্যান নুমলাই ম্রো, রুমা সদর ইউপি সদস্য লমলিয়াং বম প্রমুখ। বক্তারা বলেন, রুমা উপজেলায় অবস্থিত রুমা সেনানিবাসে বর্তমানে ৩৮০ একর জমির ওপর স্থাপনা রয়েছে। কিন্তু এর বাইরে সেনাবাহিনী সেংগুম, গালেংগ্যা ও পান্থলা মৌজায় নয় হাজার ১৮০ একর ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) ওপর বারবার চাপ দিয়ে আসছে। রুমা ভূমিরক্ষা কমিটির সভাপতি লুপ্রু মারমা অভিযোগ করেন, সেনানিবাস বা গ্যারিসনের জন্য হাজার হাজার একর জমি প্রয়োজন না হওয়া সত্ত্বেও আদিবাসীদের উচ্ছেদ করার জন্য বারবার অধিগ্রহণ-প্রক্রিয়া চালানো হচ্ছে। এ জমি অধিগ্রহণ করা হলে বংশপরম্পরায় বসবাস করে আসা হাজার হাজার আদিবাসী পরিবার উচ্ছেদ হয়ে চরম মানবিক সংকট দেখা দেবে। কখনো সেনানিবাস সম্প্রসারণের দোহাই দিয়ে আবার কখনো আধা ঝটিকা বাহিনী (প্যারা কমান্ডো) প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের নামে এত বেশি জমি অধিগ্রহণ-প্রক্রিয়া চালাচ্ছে। এতে এলাকার লোকজন বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর রুমা ভূমিরক্ষা কমিটির নেতারা স্মারকলিপি পেশ করেন। এতে বলা হয়, বিজিবি ও সেনাবাহিনীর স্থাপনার জন্য ভূমি প্রয়োজন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তা স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে যৌক্তিক পর্যায়ে হওয়া উচিত। এত বেশি জমি অধিগ্রহণের কোনো যৌক্তিকতা নেই। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান বলেন, সেনা কর্তৃপক্ষ আগের অবস্থান থেকে সরে এসে বর্তমানে প্রায় তিন হাজার একর জমি অধিগ্রহণের প্রস্তাব করেছে। তাদের প্রস্তাবিত জমির মধ্যে বন বিভাগের দুই হাজার একর জমিও রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। অধিগ্রহণ-প্রক্রিয়ার নথিপত্রে দেখা যায়, ১৯৭৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় রুমা সেনানিবাসের জন্য ৩৫৬ নম্বর পলি মৌজায় ১৮৬ দশমিক ৭১ একর ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করে। ভূমি মন্ত্রণালয় ওই অধিগ্রহণের অনুমোদনও দেয়। কিন্তু ১৯৭৫ সালে অনুমোদিত ভূমি অধিগ্রহণ-প্রক্রিয়া স্থগিত করে নয় হাজার ৫৬০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়। তখন থেকে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষের দ্বন্দ্ব চলে আসছে।