রুমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ম্রো পরিবার গৃহহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নের দুর্গম মেরুহ্লা চেয়ারম্যান পাড়ায় গতকাল বুধবার সকালে অগ্নিকাণ্ডে ১০টি ম্রো আদিবাসী পরিবার গৃহহারা হয়েছে। তাদের মধ্যে কিছু পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও প্রচণ্ড গরমের মধ্যে কেউ কেউ খোলা আকাশের নিচে রয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেছেন, সকাল সাড়ে সাতটা-আটটার দিকে একটি বাড়িতে রক্ষিত শিমুল তুলার বস্তায় অসাবধানতাবশত আগুন লেগে যায়। আগুন তাৎক্ষণিকভাবে জ্বলে ওঠে এবং বাঁশের তৈরি ও শনের ছাউনির বাড়িতে দ্রুত লেগে যায়।
অগ্নিকাণ্ডে গৃহহারা ইরচং ম্রো বলেছেন, শুকনো মৌসুম ও প্রচণ্ড গরম বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটার সঙ্গে আরেকটার কম দূরত্বে থাকায় ১০টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ি থেকে কোনো কিছু বের করতে পারেননি তাঁরা।
উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মেরুহ্লা চেয়ারম্যান পাড়ায় সরেজমিনে গালেংগ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুই থোয়াই মারমা বলেছেন, পাড়াটি খুবই দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে দমকল বাহিনীর গাড়ি যাওয়া সম্ভব নয়। ২২ পরিবারের পাড়া থেকে ১০ পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো ত্রাণসামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি। তবে কাল (বৃহস্পতিবার) চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হবে।
রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেছেন, বিস্তারিত সংবাদ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।