রুমায় মায়ের সামনে তলিয়ে যাওয়া রাশেল উদ্ধার হয়নি
বান্দরবানের রুমায় মায়ের সামনে শঙ্খ নদের স্রোতে তলিয়ে যাওয়া নবম শ্রেণির ছাত্র রাশেলের মরদেহ দুদিন পর গতকাল শুক্রবারও উদ্ধার যায়নি। প্রবল বর্ষণে ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোত তার মৃতদেহ কতদূর নিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
রুমা উপজেলা সদরের লোকজন জানিয়েছেন, উপজেলা পরিষদ ঘাটে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দরিদ্র ছমদ আলীর রুমা সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ুয়া ছেলে মোহাম্মদ রাশেল গোসল করতে যায়। সঙ্গে তার মাও ছিলেন। তাঁরা সাঁতার কেটে শঙ্খ নদে পাহাড়ি ঢলের বানে ভেসে আসা মরা গাছ-বাঁশ কুড়াচ্ছিলেন। কিন্তু রাশেল নদের গভীরে গেলে প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যায়। সে মুহুর্তের মধ্যে ঢেউয়ে তলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়।
দরিদ্র ছমদ আলীর মুঠোফোন না থাকায় তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে রাশেলের মায়ের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুর রহমান বলেন, রাশেল বানের স্রোতে তলিয়ে যাওয়ার সময় হাত তুলে তার মাকে মা মা বলে ডেকেছিল। কিন্তু প্রবল স্রোত এত দ্রুত তাকে টেনে নিয়ে যায় যে বাকরুদ্ধ হয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া তার মায়ের করার কিছুই ছিল না।
শরিফুর রহমান আরও বলেন, রাশেলের মরদেহ উদ্ধারে বিভিন্নভাবে তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি নদীর তীরে বসবাসকারী লোকজনকেও কোথাও কোনো মরদেহ দেখলে তাৎক্ষণিক অবহিত করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে।