রুমায় শিক্ষকের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের দাবিতে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। রুমা উপজেলায় একমাত্র মাধ্যমিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে তিন মাস ধরে অচল হয়ে পড়ায় সেখানকার সর্বস্তরের মানুষ এ কর্মসূচির ডাক দিয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলার সঙ্গে সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল না করায় রুমা উপজেলা সদরে ও জেলা শহরে বহু লোক আটকা পড়েছে বলে জানা গেছে। রুমা উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক লুপ্রু মারমা জানান, গত মে মাস থেকে রুমা উপজেলাবাসী মিছিল-সমাবেশ, সঞ্চারকলিপি দেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষকের জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক দেওয়া দূরের কথা, তাঁদের দাবিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে বরং প্রধান শিক্ষককেও বদলি করে নেওয়া হয়েছে। এই অবস্থায় অনগ্রসর রুমা উপজেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি জুন মাস থেকে অচল হয়ে পড়েছে। অবরোধ কর্মসূচি সমর্থনে গতকালও দলমত-নির্বিশেষে সব স্তরের মানুষ রুমা বাজার এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে। লুপ্রু মারমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন থোয়াইসানু মারমা, বিশ্বজিৎ চৌধুরী, নুলা খুমী, মংমংসিং মারমা, রিটু বড়ুয়া প্রমুখ।চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুল আজিজ রুমা ও রোয়াংছড়ি উচ্চবিদ্যালয়ে শিক্ষক না থাকার কথা স্বীকার করে বলেছেন, রুমায় আন্দোলনের বিষয়টি উর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তবে এখনো কোনো জবাব তিনি পাননি।