জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী জালাল
রুমী, বদি, জুয়েলদের হত্যা করতে সেনাদের পরামর্শ দেন মুজাহিদ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর সহযোদ্ধা রুমী, বদি, জুয়েল, আজাদ ও সুরকার আলতাফ মাহমুদকে নির্যাতনের পর মুজাহিদ তাঁদের হত্যা করতে পাকিস্তানি সেনাদের পরামর্শ দিয়েছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জালালের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।এ মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জালাল জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন নবম শ্রেণীর ছাত্র। তাঁর বাবা আলাউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের বিশেষ শাখার সুপার। তাঁরা সার্কিট হাউসের সরকারি বাসভবনে থাকতেন। জবানবন্দির শুরুতে তিনি মুক্তিযুদ্ধের পটভূমি ও ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিবরণ দেন। পরে তিনি বলেন, একাত্তরের এপ্রিলের একদিন তিনি সঙ্গীদের নিয়ে সার্কিট হাউসের দেয়াল থেকে স্লোগান ও পোস্টার তোলার সময় উল্টোপাশের সেনাক্যাম্প থেকে কয়েকজন লোক সার্কিট হাউসের চারতলায় পাবনার এসপি আজিজুল হকের বাসায় যান এবং কিছুক্ষণ পর ফেরেন। তখন তাঁর বাবা তাঁকে (সাক্ষী) ডেকে বলেন, ওই লোকদের একজন মতিউর রহমান নিজামী, তিনি পাবনার লোক। আরেকজনের নাম মুজাহিদ। গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, তারা দুজনই কুখ্যাত দাঙ্গাবাজ ও বাজে লোক। তারা সেনাবাহিনীর দালালিতে নেমেছে, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। ঢাকায় থাকা নিরাপদ নয় বুঝতে পেরে তিনি ১২ এপ্রিল ঘর থেকে পালিয়ে আশুগঞ্জে অবস্থানরত চতুর্থ ও দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ১৪ এপ্রিল ভৈরব ও আশুগঞ্জে বেঙ্গল রেজিমেন্টের ওপর পাকিস্তানি সেনাদের অভিযানের পর তিনি ত্রিপুরার মেলাগড়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে চলে যান। সেখানে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন। ক্যাম্পে তাঁর সঙ্গে ছিলেন বদি, রুমী (শহীদ জননী জাহানারা ইমামের ছেলে), জুয়েল, আজাদ, গালিবসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র। জুনে তিনি সহযোদ্ধাদের সঙ্গে ঢাকায় ফেরেন। ঢাকায় কয়েকটি গেরিলা অভিযান চালিয়ে তাঁরা পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনীকে ভীত-সন্ত্রস্ত করেন।জালাল বলেন, ৩০ আগস্ট ১৯ নিউ ইস্কাটন রোডে ডলি আসাদের বাড়ির (বর্তমানে বিটিএমসি ভবন) সামনে রেকি (পর্যবেক্ষণ) করার সময় তিনি রাজাকারদের হাতে ধরা পড়েন। তারা তাঁকে পাকিস্তানি সেনাদের জিপে তুলে দেয়। জিপে করে তাঁকে তেজগাঁও এমপি হোস্টেলের গলিতে একটি দেড়তলা বাড়িতে নিয়ে যায়। পরে জেনেছেন, সেটি ছিল পশ্চিম নাখালপাড়ার ১১২ নম্বর বাড়ি।সাক্ষী বলেন, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তাঁকে রাখা কক্ষে ৮-১০ জনকে ঢোকানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বদি, জুয়েল, আজাদ, রুমী ও সুরকার আলতাফ মাহমুদ। তাঁদের চেহারা ছিল বীভৎস ও ক্ষতবিক্ষত। রাত আটটার দিকে নিজামী ও মুজাহিদ এবং আরও তিন-চারজন অস্ত্র হাতে তাঁদের কক্ষের সামনে দিয়ে পাকিস্তানি ক্যাপ্টেন কাইয়ুমের কক্ষে যান। নিজামী ও মুজাহিদকে দেখিয়ে জুয়েল তাঁকে বলেন, ‘এরা এবং আরও কয়েকজন মিলে আমাদের নির্যাতন করেছে। যেকোনো সময় তারা আমাদের মেরে ফেলতে পারে।’সাক্ষী বলেন, এ সময় কয়েকজন পাকিস্তানি সেনা তাঁকে কক্ষ থেকে ক্যাপ্টেন কাইয়ুমের কক্ষে নেয়। সেখানে নিজামী পিস্তল দিয়ে তাঁর কব্জিতে আঘাত করে বিভিন্ন তথ্য জানতে চান। তিনি মুখ না খুললে নিজামী তাঁর মা-বোনকে তুলে আনার হুমকি দেন। পাশে থাকা মুজাহিদ স্টেনগানের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে ক্যাপ্টেন কাইয়ুমকে নিজামী ও মুজাহিদ বলেন, ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আগেই তাঁদের (রুমী, বদি, জুয়েলদের) শেষ করে ফেলতে হবে। তখন এই পিচ্চিকেও (সাক্ষী) গুলি করে লাশ গুম করতে হবে। মেঝেতে পড়ে থেকে তিনি এসব শোনেন।জালাল বলেন, কিছুক্ষণ পর ক্যাপ্টেন কাইয়ুম তাঁকে লে. কর্নেল এজাজির কক্ষে নিয়ে যান। সেখানে তিনি সার্কিট হাউসের পাঞ্জাবি এডিসি সি এম আফজালকে (সাক্ষীদের প্রতিবেশী) দেখেন। এজাজি সাদা কাগজে তাঁর নাম-ঠিকানা লিখে ও দস্তখত নিয়ে তাঁকে আফজালের হাতে তুলে দেন। তিনি মুক্তি পান। এর দুদিন পর তিনি ত্রিপুরার মেলাগড়ে ২ নম্বর সেক্টরের সদর দপ্তরে যান। সেখানে তিনি রুমী, বদি, জুয়েলদের ধরা পড়ার ঘটনা জানান। পরে মুক্তিযোদ্ধারা ঢাকায় ফিরে তাঁদের (রুমী, বদি, জুয়েলদের) খুঁজে না পেয়ে ধরে নেন, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার আগেই মুজাহিদ-নিজামীরা হয়তো তাঁদের হত্যা করে লাশ গুম করে ফেলেছেন।প্রায় সাড়ে চার ঘণ্টা জবানবন্দি দেন জালাল। শুরুতে প্রায় তিন ঘণ্টাব্যাপী বক্তব্য মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট না হওয়ায় ট্রাইব্যুনাল দু-তিনবার রাষ্ট্রপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। জবানবন্দির একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এত দীর্ঘ জবানবন্দি এর আগে দেখেননি।গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৩ সেপ্টেম্বর: জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১। গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ ও জব্দ তালিকার প্রথম সাক্ষী বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক মো. এজাবউদ্দিন মিয়ার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পাঁচ দিন ধরে জবানবন্দিকালে তিনি রাষ্ট্রপক্ষের জব্দ করা ৪৩৫টি নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। এগুলোর মধ্যে রয়েছে ১৯৭১ ও ১৯৭২ সালের বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদন।