রুম্মান হত্যায় আদালতে মামলা সেই পুলিশ ক্যাম্প অপসারণ
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে সন্ত্রাসী ও খুনের মামলার আসামির বাড়িতে বসানো পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাম্পটি সরানোর নির্দেশ দেন।
এদিকে গত বৃহস্পতিবার ওই ক্যাম্পের সামনে পুলিশের গুলিতে নিহত রুম্মান জমাদ্দারের বাবা বেল্লাল জমাদ্দার গতকাল ১৬ জনকে আসামি করে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেছেন।
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সবুজ জমাদ্দার ও মামলার বাদী বিল্লাল জমাদ্দার বলেন, ৩১ মার্চ রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ওবায়দুল হক বাবুল মোল্লা বিদ্যালয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। নির্বাচনের পর ক্যাম্পটি প্রত্যাহারের কথা থাকলেও ইউপিতে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান খাঁন তদবির করে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি নাসির সরদারের বাড়িতে ক্যাম্পটি সরিয়ে নেন। এই সুযোগে ক্যাম্পের পুলিশ সদস্যদের সহযোগিতায় নাসির সরদার এলাকার নিরীহ মানুষদের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে ক্যাম্পে নিয়ে এসে চাঁদাবাজি ও নির্যাতন চালানো হতো।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওই ক্যাম্পের পুলিশের কয়েকজন সদস্য সাদাপোশাকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে আটকের পর জনতা বাজারে নিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে ক্যাম্পে নিয়ে যান। এতে স্থানীয় জনতা ক্ষেপে যায় এবং ক্যাম্প ঘেরাও করে। লোকজন লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ক্যাম্পের দরজা ও জানালা ভাঙচুর করে। এ সময় ক্যাম্পের কয়েকজন পুলিশ জনতাকে লক্ষ্য করে ৮২টি গুলি ছোড়ে। এতে রুম্মান জমাদ্দার ঘটনাস্থলে নিহত হন এবং পুলিশসহ প্রায় ৪০ জন মানুষ গুলিবিদ্ধ হন। থানায় মামলা না নেওয়ায় এর তিন দিন পর গতকাল বেল্লাল জমাদ্দার বাদী হয়ে নাসির সরদার, মিজানুর রহমানসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাহবুব আলমের আদালতে উঠলে তিনি থানাকে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করার নির্দেশ দেন।
বাদী বিল্লাল জমাদ্দার বলেন, আদালতে মামলা করতে গেলে মিজানুর রহমান খানের সন্ত্রাসীরা হুমকি-ধমকি ও তাড়া করে।
মিজানুর রহমান খাঁন এ অভিযোগ অস্বীকার করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এখন ভোলা সদর থেকে গিয়ে প্রতিদিন পুলিশের একটি দল রাজাপুরে টহল দেবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
জনতা বাজার ও কন্দকপুর গ্রামবাসী জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। তিনি জনতাকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান।