রুম্মো হাইস্কুল ও গ্যারিওর ফারাজ স্মরণ

গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে প্রথম রাইচাস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইতালির বেনভেন্তোর রুম্মো হাইস্কুল। স্কুল প্রাঙ্গণের গার্ডেন অব রাইচাসে (ন্যায়নিষ্ঠদের জন্য স্মৃতি উদ্যান) ফারাজের নামে একটি গাছ লাগানো হয়েছে। ইউরোপিয়ান ডে অব দ্য রাইচাস উপলক্ষে ৬ মার্চ এ গাছ লাগানো হয়।
ঢাকার গুলশানে ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। ওই হামলার সময় অসামান্য সাহসিকতা দেখিয়ে নিজের জীবন দেন ফারাজ।
দ্য গার্ডেন অব রাইচাস ওয়ার্ল্ডওয়াইড বা গ্যারিও (জিএনআরআইডব্লিউ) ইতালির মিলানভিত্তিক একটি অলাভজনক সংগঠন। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে কাজ করে এ সংগঠন। সন্ত্রাসের বিরুদ্ধে ও মানবতার কল্যাণে অবদান রাখা মানুষের স্মৃতিরক্ষায় বৃক্ষরোপণ ও স্মৃতিফলক স্থাপন করে থাকে গ্যারিও।
ফারাজের মৃত্যুর কিছুদিন পর ২০১৬ সালের ১৫ জুলাই তিউনিসিয়ায় ইতালির দূতাবাসে ‘গার্ডেন অব রাইচাস’ বা ‘ন্যায়নিষ্ঠদের জন্য স্মৃতি উদ্যান’ স্থাপিত হয়। আর তাতে অন্তর্ভুক্ত হয় গুলশানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের নামে স্মৃতিফলক ও একটি গাছ।
বেনভেন্তোর রুম্মো হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে ফারাজের মা সিমিন হোসেন বলেন, ‘মা হিসেবে আমি জানি এবং এই বিশ্বাসে বিশ্বাসী যে আমার ছেলে ফারাজ আমাকে অসম্ভব গর্বিত করেছে, যা ছিল আমার জন্য অচিন্তনীয়। ফারাজ আমার জন্য সাহস, বন্ধুত্ব ও মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করে গেছে।’
সিমিন হোসেনের এই কথার জবাবে গ্যারিওর প্রতিনিধি এনসা নুনসিয়াতো এবং রুম্মো হাইস্কুলের শিক্ষার্থীরা বলেছেন, ‘চৈতন্যের উন্মেষণে মানুষ হিসেবে ফারাজ আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবেন। তিনি তেমন মানুষ ছিলেন, যিনি একসময় একটি সঠিক পথ খুঁজতেন, এমনকি তা নিজের জীবনের বিনিময়ে হলেও।’