রুল খারিজ, জামিন আবেদনও খারিজ ডেসটিনি চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আবেদনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাঁদের জামিন আবেদনও খারিজ করেছেন।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এ রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী মো. বদিউজ্জামান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে আদালত এ রায় ঘোষণা করেন। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত দুজনের জামিন আবেদন খারিজ করেছেন।
২০১২ সালের ৩১ জুলাই অর্থ পাচার ও মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।