রুল নিষ্পত্তি, তবে ছহুল হোসাইনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যবেক্ষণ দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রুল নিষ্পত্তি করে রায় দেন।আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন যে মন্তব্য করেছেন, তা আদালত অবমাননাকর। আইনের শাসন ও আদালতের কর্তৃত্বের প্রতি তাঁর কোনো শ্রদ্ধা নেই। এ কারণে প্রশ্ন দেখা দিয়েছে, এ ধরনের পদে তাঁর অব্যাহত থাকা উচিত কি না?আদালত আরও বলেছেন, তাঁর আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। নির্বাচন কমিশনের পদটি উচ্চ সাংবিধানিক পদ। এই পদের ব্যক্তির দায়িত্বশীলতা অনেক বেশি। আইনের শাসন ও আদালতের কর্তৃত্বের প্রতি এই পদের ব্যক্তির শ্রদ্ধা থাকতে হবে।আদালত ঘটনাক্রম তুলে ধরে বলেন, ‘আদালত অবমাননা করলেও তাঁকে আমরা শাস্তি দিতে চাই না। আবেদনকারী ব্যক্তিগত হাজিরা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আরজি জানিয়েছেন। মামলাটি (রুল) নিষ্পত্তি করে দেওয়া হলো। আমরা প্রত্যাশা করি, তিনি ভবিষ্যতে আদালত ও আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন।’