বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের প্রশ্নে হাইকোর্টের রুল দ্রুত শুনানির জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে আদালত তাহেরের গোপন বিচারের নথির সর্বশেষ অবস্থা সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নথিপত্র খোঁজা হচ্ছে। পাওয়ার সঙ্গে সঙ্গে তা দাখিল করা হবে।এ সময় রিট আবেদনকারীদের কৌঁসুলি শাহ্দীন মালিক রুল শুনানির দিন নির্ধারণের আরজি জানান।কিন্তু এর আগে তাহেরের গোপন বিচারের নথি তলব করে একই আদালত আদেশ দিয়েছিলেন। সে আদেশ পুরোপুরি প্রতিপালিত না হলেও বাদীপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে আদালত রুল শুনানির জন্য প্রস্তুত করতে আদেশ দেন।শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, আগামী রোববার শুনানির দিন ধার্য হবে।’এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্ট কর্নেল তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।